নগর প্রদর্শনী

ক্যানভাসে তরুণ শিল্পীদের সাহসী উচ্চারণ

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০০:২৯

এবারের জাতীয় চারুকলা প্রদর্শনী তরুণ শিল্পীদের সাহসী উচ্চারণে মুখর। শুধু রঙের বর্ণময় উপস্থাপন নয় বরং সমাজ, দেশ, মানুষের কথা উঠে এসেছে তাদের ক্যানভাসে। শিল্পী কামরুজ্জামানের লিথোগ্রাফে করা কাজের শিরোনাম ‘গ্লোবাল ওয়ামিং-২’। চিত্রপটে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীজুড়ে যে সংকট তৈরি হচ্ছে তাই তুলে ধরেছেন তিনি। শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে জাতীয় চারুকলা প্রদর্শনীর ২৩তম আসর। যার উদ্বোধনী অনুষ্ঠান বসেছিল একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, চিত্রশিল্পী মনিরুল ইসলাম ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল মান্নান ইলিয়াস। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু।

উদ্বোধনী অনুষ্ঠানে আটটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। শিল্পকলা অ্যাকাডেমি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন কামরুজ্জামান, সম্মানসূচক পুরস্কার (ভাস্কর্য) তানভীর মাহমুদ, সম্মানসূচক পুরস্কার (ছাপচিত্র) রুহুল করিম রুমী, সম্মানসূচক পুরস্কার (চিত্রকলা) রাফাত আহমেদ বাঁধন, সম্মানসূচক পুরস্কার (স্থাপনা) সহিদ কাজী, বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার উত্তর কুমার তালুকদার, দীপা হক পুরস্কার সুমন ওয়াহিদ ও চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন পুরস্কার পেয়েছেন ফারিয়া খানম তুলি। জাতীয় চারুকলা প্রদর্শনী চলবে ২১ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা ও শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।