গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

রবিবার দেশজুড়ে আধা বেলা হরতাল ডেকেছে বাম জোট

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০০:৩১

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৭ জুলাই রবিবার দেশজুড়ে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধা বেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল সোমবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের জরুরি সভায় হরতালের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাম জোট জানায়, জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে, সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে এবং গণদুর্ভোগের বাজেটের প্রতিবাদে এই হরতাল। বাম জোটের গতকালের বৈঠকে জোটের নতুন সমন্বয়ক নির্বাচিত হয়েছেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু। আগামী তিন মাস তিনি জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।