প্রথম ওভারে বল করা চ্যালেঞ্জিং নয়: মেহেদী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৭:৫০

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এটিই নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের প্রথম জয়। ঐতিহাসিক এই জয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন শেখ মেহেদী। বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৬ বলে ১৯ রানের কার্যকারী ইনিংস খেলে ম্যাচসেরা হন তিনি। ইনিংসের প্রথম ওভারে বল করতে এসেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মেহেদী। প্রথম ওভারে বল করা চ্যালেঞ্জিং নয় বলে জানিয়েছেন এই টাইগার স্পিন অলরাউন্ডার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেহেদী। প্রথম ওভারে বল করা কেমন চ্যালেঞ্জিং এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, চ্যালেঞ্জিং না এটা। আমি তো টি-টোয়েন্টিতে প্রথম ওভার করতে অভ্যস্ত। তবে যে কন্ডিশনেই হোক, অবশ্য চ্যালেঞ্জিংও।  আমার কাজ বল করা, সেটা যখন যেখানেই হোক করতে হবে। টিম ম্যানেজমেন্ট আমার ওপর বিশ্বাস রাখছে বলেই প্রথম ওভারে বল দিয়েছে, যেকোনো কন্ডিশনেই হোক আমাকে তা করতে হবে।’

মেহদী আরও বলেন, ‘বোলাররা যখন সাপোর্ট দেবে, দলের আত্মবিশ্বাস তখন অনেক বেড়ে যায়। শেষ ওয়ানডেতে বোলিং ইউনিট দুর্দান্ত পারফর্ম করেছে। ওই মেসেজগুলো হয়তো বোলারের মধ্যে আছে যে এই কন্ডিশনে জিততে হলে বোলারদের এমন স্মার্ট বোলিং করতে হবে। আলহামদুলিল্লাহ এজন্য সবাই চিন্তা করছে যে ভালো হবে। যে কয়জন বোলিং করছে সবাই ভালো করছে।’

ইত্তেফাক/জেডএইচ