নারায়ণগঞ্জে ৯ ভুয়া সাংবাদিক আটক চাঁদাবাজির অভিযোগ

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০০:৩২

ফতুল্লায় গ্যাস লাইন অবৈধ বলে চাঁদাবাজি করতে যাওয়া  পাঁচ ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় ফতুল্লার রঘুনাথপুর জোড়াপুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো—ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিংয়ের মৃত হায়দার খানের ছেলে সাইফুল ইসলাম, বন্দর উপজেলার আবু বক্কর সিদ্দিকীর ছেলে রুহুল আমীন, একই উপজেলার নবীগঞ্জের শাহ জালালের পুত্র ফয়সাল, ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার সিদ্দিক মিয়ার ছেলে শরীফ মো. সিদ্দিকী ওরফে আপন ও একই এলাকার আবদুল লতিফ মিয়ার ছেলে বাবু সওদাগর । এদের মধ্যে রুহুল আমীনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এছাড়া ফতুল্লা মডেল থানায় ৪ ভুয়া সাংবাদিক পুলিশের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় পুলিশ তাদের আইডি কার্ডসহ পত্রিকা দেখাতে বললে তারা নানা টালবাহানা শুরু করে। পরে তাদের পুলিশ গ্রেফতার ও তাদের ব্যবহূত মাইক্রোবাস জব্দ করে। ৪ ভুয়া সাংবাদিক হলো—ডেমরার সারুলিয়ার একটি  বাড়ির ভাড়াটিয়া আ. মান্নানের ছেলে সেলিম নিজামী, ফতুল্লার একটি  বাড়ির ভাড়াটিয়া মো. তাহের উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম, ফতুল্লা নূরবাগ এলাকার একটি  বাড়ির ভাড়াটিয়া মৃত আবেদ আলী আকন্দের ছেলে মো.ইউসুফ  ও ডেমরার সারুলিয়ার একটি  বাড়ির ভাড়াটিয়া আ. মান্নানের ছেলে মাসুদ মিয়া ।  জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেদেরকে ভুয়া সাংবাদিক বলে স্বীকার করে। এ সময় তাদের কাছ থেকে সাপ্তাহিক দুর্নীতির রিপোর্ট নামক একটি পত্রিকার আইডি কার্ডসহ বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। আটককৃতরা একটি মাইক্রো নিয়ে বিভিন্ন এলাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল বলে পুলিশ জানান। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, ফতুল্লার রঘুনাথপুর এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে আটকরা নিজেদের সাংবাদিক পরিচয় দেয় এবং তাদের অবৈধ গ্যাস লাইন রয়েছে এমন কথা বলে এলাকার লোকদের নানাভাবে হয়রানির চেষ্টা করছিল। এমনকি  গ্যাস লাইন কেটে দিবে বলেও হুমকি দেয়। পরে লাইন কাটবে না এমন কথা বলে বিভিন্ন জনের  কাছে চাঁদা দাবি করে। পরে এলাকার লোকজন তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।