আজ উত্তর গোলার্ধে এক অপরূপ মহাজাগতিক দৃশ্য অবলোকন করা যাবে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফ্রেঞ্চ পলিনেশিয়ার মুতুওয়ারা দ্বীপের দক্ষিণ-পূর্ব দিক থেকে শুরু হয়ে বলিভিয়ার মুরুকু শহরের দক্ষিণ-পূর্ব দিক অবধি মানুষ অধীর আগ্রহে প্রহর গুনছে এটি দেখার। এ সময় চাঁদ অবস্থান নেবে পৃথিবী আর সূর্যের মাঝখানে। সূর্যকে ক্রমশ আড়াল করে ফেলবে চাঁদ। পূর্ণ সূর্যগ্রহণ দেখতে আজ মঙ্গলবার রাতে আকাশের দিকে চোখ রাখবে সেখানকার বাসিন্দারা। তবে বাংলাদেশের আকাশে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। মূলত নিরন্তর পরিভ্রমণরত চাঁদ যখন কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোনো দর্শকের সামনে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে পড়ে। এ ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। অমাবস্যার পরে নতুন চাঁদ ওঠার সময় এই মহাজাগতিক ঘটনা ঘটে। পৃথিবীতে প্রতিবছর অন্তত দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। এর মধ্যে শূন্য থেকে দুটি পূর্ণ সূর্যগ্রহণ হয়। যখন পূর্ণগ্রাস ঘটে, তখন সূর্য ও পৃথিবীর মাঝ বরাবর চাঁদ অবস্থান করে এবং তারা একই সরলরেখায় থাকে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আজ (২ জুলাই) ২২টা ৫৫ মিনিট ১৮ সেকেন্ড (স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিট।) বিএসটিতে তা শুরু হয়ে ৩ জুলাই ৩টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ড বিএসটিতে শেষ হবে। ৩ জুলাই ১টা ২৩ মিনিটে বিএসটিতে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১.০৪৫৬।
