ঋণের দায়ে পালাতে গিয়ে আটক ছাত্রদল নেতা, রিজভীর তথ্য সঠিক নয়

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২২:৪৭

রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদত হোসাইন ওরফে মতিউর রহমানকে নিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ। এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, পুলিশ ওই নেতাকে তাড়া করছেন। তাকে উদ্ধার করে অবিলম্বে জনসমক্ষে হাজির করে পরিবারের কাছে হস্তান্তর করা হোক। বাস্তবিক অর্থে পুলিশ তাকে তাড়া করেনি। ঋণের দায়ে ভারতে পালাতে গিয়ে যশোর বেনাপোল থানায় আটক হয়েছেন তিনি।

সূত্র জানায়, বাঘা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমানকে (৩০) গত ২৫ ডিসেম্বর সোমবার রাতে নিখোঁজ হন। এ নিয়ে পরদিন মঙ্গলবার বাঘা থানায় তার বাবা আবদুল খালেক একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাতে লেখা হয়, তার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

অথচ ২৬ ডিসেম্বর বিকাল সাড়ে পাঁচটায় অনলাইনে প্রেস ব্রিফিং করে বিএনপির যুগ্ম-মহাসচিব রিজভী জানান, পুলিশ ছাত্রদল নেতা শাহাদত হোসাইন ওরফে মতিউর রহমানকে তাড়া করছেন। তাকে উদ্ধার করে অবিলম্বে জনসমক্ষে হাজির করে পরিবারের কাছে হস্তান্তর করা হোক। তবে পুলিশ জানায়, বাস্তবিক অর্থে পুলিশ তাকে তাড়া করেনি। ঋণের দায়ে ভারতে পালাতে গিয়ে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে যশোর বেনাপোল থানায় আটক হয়েছেন তিনি।

এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, বিএনপি নেতা রিজভীর বক্তব্য সঠিক নয়। তাকে পুলিশ তাড়া করেনি। ওই ছাত্রদল নেতা ঋণের দায়ে রাতে ভারতে পালাতে গিয়ে যশোর বেনাপোল থানা পুলিশের হাতে আটক হন। আজ (বুধবার) সকালে বাঘা থানার পুলিশ তাকে আনতে গেছে। তাকে আনার পর বাঘা থানায় একটি মামলা করা হবে।

ইত্তেফাক/পিও