নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি মোরশেদ আলমকে সোমবার বিকালে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদম বাজারে এক পথসভায় আলাউদ্দিন নামের এক যুবক জুতা পেটার চেষ্টা চালায়। এ সময় আটক করা হয় আলাউদ্দিন নামের ঐ যুবককে।
এ ঘটনায় মোরশেদ আলমের সমর্থক কেশারপাড় ইউনিয়ন যুবলীগের সভাপতি (সিএনজি চালিত অটোরিকশা চালক) আনোয়ার হোসেন বাহার বাদী হয়ে মঙ্গলবার বিকালে আটককৃত আলাউদ্দিনকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এই মামলায় নৌকার প্রার্থী মোরশেদ আলমের প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ফুটবল ফেডারশনের (বাফুফে) সহসভাপতি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের প্রধান নির্বাচন সমন্বয়ক ও তার ছোট ভাই ইঞ্জিনিয়ার আনিসুর রহমান (২ নম্বর আসামি) এবং নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য, সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু ও আওয়ামী লীগ নেতা আলী আক্কাছ রতনসহ ১১ জন নেতা-কর্মীকে এই মামলার আসামি করা হয়।
এই মামলার প্রতিবাদে গতকাল বুধবার বেলা ১১টার দিকে সেনবাগস্থ নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক (কাঁচি)।
