দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ফরিদপুরের ভাঙ্গা বাজারে গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের সঙ্গে ঘণ্টাব্যাপী গণসংযোগ করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ভাঙ্গা বাজারের প্রবেশমুখ ভাঙ্গা ঈদগাহ মাঠ থেকে বাজারে প্রবেশ করেন এবং ‘ঈগল’ প্রতীকে ভোট চান। বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সব ব্যবসায়ী, দোকানে দোকানে বিক্রেতা এবং বাজারে আসা স্থানীয়দের সঙ্গে লিফলেট (প্রচারপত্র) বিতরণ করেন এমপি নিক্সন চৌধুরী। ঘণ্টাব্যাপী বাজারে অবস্থান করায় নিক্সন চৌধুরীর সঙ্গে শত শত লোক জড়ো হয়ে যায়।
জনপ্রিয় এই নেতাকে কাছে পেয়ে অনেকে সেলফি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েন। সেই সঙ্গে বাজারের বেশির ভাগ ব্যবসায়ী নিক্সন চৌধুরীকে কাছে পেয়ে ‘ঈগল’ প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস দিয়েছেন।
গণসংযোগকালে নিক্সন চৌধুরীকে ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সী।
এতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, পৌর কাউন্সিলর লিয়াকত মোল্লা, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতারা এবং নিক্সনের শুভাকাঙ্ক্ষী ও সমর্থকরা।
