ভালো ফল পেতে ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক অব্যাহত থাকবে :কিম

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০০:৫৯

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ভালো কিছু পেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক অব্যাহত রাখা হবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ কিম জং উনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। এছাড়া দেশটির মিডিয়া নেতা কিমের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠককে বিস্ময়কর বলে অভিহিত করে একে স্বাগত জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের

উত্তর কোরিয়ার মিডিয়া জানিয়েছে, কোরীয় উপদ্বীপকে নিরস্ত্রীকরণ করতে উত্তর কোরিয়ার মাটিতে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের পা রাখার ঘটনা খুবই উত্সাহব্যঞ্জক। দক্ষিণ কোরিয়া ত্যাগের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, জুলাইয়ের মধ্যে নতুন করে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হবে। তিনি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রিডম হাউজে বৈঠক করেছেন রবিবার। এর একটি ছবি প্রকাশ করেছে কেসিএনএ। এই হাউজেই প্রেসিডেন্ট ট্রাম্প এবং কিম বৈঠক করেছিলেন। কেসিএনএ জানায়, ট্রাম্প এবং কিম কোরীয় এলাকার উত্তেজনা হ্রাসে একমত হয়েছেন। কিম জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। মাত্র একদিনের নোটিশে তাদের মধ্যে বৈঠক হয় যা খুবই নাটকীয় ছিল। তাই ভালো ফল পেতে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে।