আজ কি আরেকটি জয়ের সাক্ষী হবে বাংলার ক্রিকেট দর্শক? আজ কি পারবে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলতে? তিনি ম্যাচের সিরিজে প্রথম জয়টা শান্ত, লিটন, সৌম্য, শরিফুলদের পকেটে। আজ জিতলে সিরিজিটা এক ম্যাচ হাতে রেখে নিজেদের করে নেবে। নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে দুপুর ১২টা ১০ মিনিটে খেলা শুরু হবে।
নেপিয়ার থেকে মাউন্ট মঙ্গানুই ২৮৮.৯ কিলোমিটারের দূরত্ব। সড়কপথে চার ঘণ্টা লেগেছে মাউন্ট মঙ্গানুইয়ে পৌঁছাতে। খেলার আগের দিন এমন লম্বা ভ্রমণ অবশ্যই ক্লান্তিকর এবং কোনো রকমে রাতে ঘুমিয়ে ভ্রমণক্লান্তি নিয়েই আজ মাঠে নামতে হবে।
বাংলাদেশ দল অনুশীলন করতে পারেনি। আর নিউজিল্যান্ড দল সময় কাটিয়েছে সাগরসৈকতে গিয়ে। অধিনায়ক কেন উইলিয়ামসন, কাইল জেমিসনরা টি-টোয়েন্টি দলে নেই। ইশ সৌধি, বেন সিয়ার্স, গ্লেন ফিলিপসরা পিকনিক মুডে বিচে বালুর ওপরে অনুশীলন করেছেন। সিরিজ খেললেও নিউজিল্যান্ড আসলে তাদের আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ দল গঠনেও মনযোগ দিচ্ছে। কিছু খেলোয়াড়কে বাংলাদেশের বিপক্ষে বাজিয়ে নিচ্ছে।
যখন খেলা শুরু হবে, তখন নিউজিল্যান্ড সময় সন্ধ্যা ৭টা। ফ্লাডলাইটের নিচে খেলা হবে। আগে থেকেই এই ম্যাচ নিয়ে আয়োজকেরা অনুষ্ঠানের কথা জানিয়ে রেখেছেন, যেখানে ডিজে পার্টির কথা বলা হয়েছে, থাকবে লাইট শো, যেটি দর্শককে মুগ্ধ করবে। আর বাংলাদেশ কী পারবে নিউজিল্যান্ডের আলোকসজ্জা নিজেদের গায়ে মাখতে? ম্যাচ জিতে সেই আনন্দটা নিজেদের করে নিতে? এখন তো লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হূদয়, নাজমুল হোসেন শান্ত, শরিফুল, শেখ মাহাদী হাসান, তানজিম সাকিবরা দেখাচ্ছেন তারা আগের চেয়ে আত্মবিশ্বাসী। কঠিন সময়ে যুদ্ধ জয় করার মতো সাহস দেখাচ্ছেন। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন।
মোদ্দা কথা হচ্ছে, বছরটা ওয়ানডে বিশ্বকাপের জন্য খুব মন্দ হলেও টি-টোয়েন্টির জন্য ভালোই। এ বছর বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ জয় আছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের কথা লেখা আছে বাংলাদেশের খাতায়। আজ যদি কিউইদের বিপক্ষে জয়টা পায়, তাহলে তো কথাই নেই। বাংলাদেশ যদি জিতে যায়, তাহলে টি-টোয়েন্টি সিরিজ জয়ের নতুন ইতিহাস হবে, যা কিনা নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে হয়নি।
