ভারতের বিশ্বকাপ দলে দ্বিতীয় পরিবর্তন আসছে। শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন কোনো একদিনের ম্যাচ না খেলা মায়াঙ্ক আগরওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া বিজয় শঙ্করের জায়গায় নেয়া হচ্ছে তাকে। এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ানের পরিবর্তে দলে ডাক পান রিশাভ পান্ত। একটি ম্যাচে মাঠেও নেমেছেন তিনি।
আজ সোমবার ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন বিজয় শঙ্কর। এরপর আইসিসির কাছে মায়াঙ্ক আগরওয়ালকে বদলি খেলোয়াড় হিসেবে আবেদন করা হয় তাদের পক্ষ থেকে। পরে আইসিসি’ও তাদের সবুজ সংকেতের কথা জানিয়ে দেয়।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, দলে কোনো খেলোয়াড়কে নতুন করে আনতে হলে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতি আবশ্যক। সেই জায়গার অনুমতি মেলায় মায়াঙ্ক আগরওয়ালের দলের সঙ্গে যোগ দেয়া সময়ের ব্যাপার মাত্র।
ইত্তেফাক/এএম
