‘নির্বাচনে কোনো অনিয়ম হলে চাকরি হারাতে হবে’

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১৭:৩০

ভোটে কোনো অনিয়ম হলে চাকরি হারাতে হবে বলে নির্বাচন কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। তিনি বলেন, পথভ্রষ্ট, অতিউৎসাহী, সন্ত্রাসীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। কেন্দ্র দখলের চেষ্টা হলে ভোট বন্ধ করে চলে যান। লাগলে পরে ভোট নেওয়া হবে।

আজ শনিবার সকালে যশোরের মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

আহসান হাবিব বলেন, ভোটারদের পছন্দমতো ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভোট নিয়ে নানা অভিযোগ আসে। সত্য-মিথ্যা দুটি অভিযোগই তদন্ত করা হবে। মিথ্যা অভিযোগ দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বাইরের কেউ আমাদের সমস্যা ঠিক করে দিতে পারবে না। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এবং খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির।

ইত্তেফাক/জেডএইচডি