ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার, বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এক নির্বাচনী জনসভায় কাজী জাফরুল্লাহকে উদ্দেশ্য করে বলেছেন, চাচা মিথ্যের ফুলঝুরি দিয়ে জনগণকে ভোলানো যায় না। স্মার্ট বাংলাদেশের জনগণ এখন সবকিছুই বোঝে। বিগত ১০ বছরে আপনি ১০ ঘণ্টার জন্য জনগণের কোনো খোঁজ খবর রাখেননি। আজ ১০ ঘণ্টা ধরে এসে জনগণকে মিথ্যা কথার ফুলঝুরি আউড়াচ্ছেন। জনগণ কিন্তু সবই বুঝে। আগামী ৭ তারিখে তার এর সমুচিত জবাব দেবে।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের মজুমদার মাঠে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন এমপি নিক্সন চৌধুরী।
কাজী জাফরুল্লাহকে উদ্দেশ্য করে নিক্সন চৌধুরী বলেন, করোনার সময় জনগণ যখন দিশেহারা আপনি তখন ঢাকার বাসায় নিরাপদে জীবন-যাপন করছেন। আর আমি সে সময় আমার নিজের জীবনের বাজি রেখে প্রতিটা ঘরে ঘরে সাধ্যমত সাহায্য-সহযোগিতা করেছি। মানুষ চায় সত্যিকারের উন্নয়ন ও মূল্যায়ন। যা আমি বিগত ১০ বছর করে এসেছি। আর আপনি বিগত ৪০ বছর এলাকাকে ভাগাড়ে পরিণত করেছেন। সুতরাং উন্নয়ন ও মূল্যায়নে যদি ভোট হয় তাহলে সে ভোটের হক আমার।
নিক্সন চৌধুরী আরও বলেন, চাচায় কয় নিক্সনের দুর্নীতির টাকা। চাচা আপনারে আমি জিগাই আপনার কি দুধে ধোঁয়া টাকা। পানামা কেলেঙ্কারি পেপার পত্রিকায় আপনার নামে কী লেখে। চাচা মানুষকে মিথ্যার ফুলঝুরি দিয়ে লাইনচ্যুত করা এত সহজ না। আগামী ৭ তারিখের অপেক্ষায় থাকেন। হ্যাটট্রিক হবে আমার জয়ের আপনার পরাজয়ের।
চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক মোল্লা, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী, জেলা পরিষদের সদস্য মো. আশিক ইকবাল স্বপন, আক্কাস মাতুব্বর, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের কর্মী-সমর্থকসহ এলাকাবাসীর সাধারণ মানুষ।
