মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির জনসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২১:২০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফলে মুন্সীগঞ্জের লৌহজং-টঙ্গীবাড়ি এলাকার বিভিন্ন স্থানে গত ৫ দিন ধরে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান খাঁনের নির্দেশনায় ও তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একেএম রিয়াজুল ইসলাম তুহিনের নেতৃত্বে ভোট বর্জনের লিফলেট বিতণ করা হয়। এ সময় ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।

এর আগেও সরকারের পদত্যাগের একদফা দাবিতে হরতাল-অবরোধ সফলে বীরমুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের তত্ত্বাবধানে মুন্সীগঞ্জের লৌহজং-টঙ্গীবাড়ী সড়কে মশাল মিছিল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছিলাম তা আজ অন্তঃসারহীন হয়ে পড়েছে। আওয়ামী লীগ তার অবৈধ ক্ষমতা আরেক দফা প্রলম্বিত করার হীনলক্ষে সকল বিরোধী দলকে বাদ দিয়ে যে একতরফা নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে তা প্রত্যাখ্যান করেছেন দেশের সকল মানুষ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটাধিকার ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। গোটা দেশ আজ ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ। আওয়ামীলীগ কৌশলে ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য মরিয়া হয়ে উঠেছে। সরকারের লক্ষ্য ৭ জানুয়ারি একটি ভোটার উপস্থিতির অভিনব নির্বাচন দেখিয়ে গণতান্ত্রিক বিশ্বের নিষেধাজ্ঞা থেকে আত্মরক্ষা করা। তবে দেশপ্রেমিক জনগণ ভোট দিতে যাবে না ইনশাআল্লাহ। সরকারের পতন ঠেকাতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আহী আহমেদ জুবায়ের, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ূম ফকির, লৌহজং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, কলমা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম, লৌহজং উপজেলা জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ ফকির, কলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির শেখ, যুগ্ম আহ্বায়ক সুমন শেখ, যুগ্ম আহবায়ক খলিল সরদার, যুগ্ম আহ্বায়ক মুন্না ঢালী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহরাব শেখ, যুবনেতা জাহাঙ্গীর আলম, কলমা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সর্দার, এইচডি বিপুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

ইত্তেফাক/এবি