মাগুরায় দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার, আটক ২

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৪:৪১

মাগুরার মহম্মদপুরের নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের একটি মাঠ থেকে দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ।

রোববার (৩১ অক্টোবর) সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ মেহেদী হাসান বিপ্লব ও আসিফ শিকদার নামে দুজনকে আটক করেছে। আটক হওয়া ওই দুই ব্যক্তি পানিঘাটা গ্রামের ফারুক শিকদারের ছেলে।

নিহত দুই ভাইয়ের পরিচয়- সবুজ (২৫) ও হৃদয় (১৮)। তারা দুজন পানিঘাটা এলাকার মঞ্জুর মোল্লার ছেলে।

‘এটি একটি পরিকল্পিত  হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি’
- আবুল কালাম
নিহত সবুজ ও হৃদয়ের বড় ভাই

সূত্র জানায়, রোববার সকালে স্থানীয় নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের চান্দের মাঠ এলাকায় মাঠে কাজ করতে গিয়ে শ্রমিকরা দুটি লাশ পড়ে থাকতে দেখে। বিষয়টি তারা পুলিশকে জানায়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠান। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।

সবুজ ও হৃদয়ের বড় ভাই আবুল কালাম বলেন, ‌‘শনিবার রাত সাড়ে আটটার দিকে ফারুক শিকদারের ছেলে আশিক, বিপ্লব ও হাসিব শিকদার- দুই ভাইকে খুঁজতে বাড়ির ওপর আসে। পরে সকালে আমার দুই ভাইয়ের গলাকাটা লাশ পাওয়া গেছে বলে জানতে পারি।’

তিনি আরও বলেন, ‘এটি একটি পরিকল্পিত  হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।’

মহম্মদপুর থানার ওসি মো. বোরহান উন ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।’

ইত্তেফাক/এইচএ