বাংলাদেশ দূতাবাস মাদ্রিদে দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় 'জাতীয় প্রবাসী দিবস ২০২৩' উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্পেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংস্থার সদস্যসহ সাংবাদিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাতীয় অর্থনীতি ও সামাজিক পরিমন্ডলে প্রবাসী বাংলাদেশীদের অবদানকে স্বীকৃতি দিয়ে প্রথম বারের মতো উদযাপিত জাতীয় প্রবাসী দিবসের এবারের প্রতিপাদ্য ছিল, 'প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার/স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার'।
দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের মিলনায়তনে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই দিবসটি উপলক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পাঠানো বাণি পড়ে শোনানো হয়। এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসীদের কর্মসংস্থান ও তাদের কল্যাণ বিষয়ক কার্যক্রম নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে দেয়া বক্তব্যে বলেন, জাতির পিতার কন্যার নেতৃত্বে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি উন্নয়নের সিঁড়ি বেয়ে। স্পেনে বসবাসরত প্রায় ৬০ হাজার প্রবাসী তাদের প্রেরিত রেমিটেন্সের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছেন। তিনি বলেন, স্পেন থেকে বৈধভাবে রেমিটেন্স প্রেরণ প্রতিবছর উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। স্পেন থেকে ২০২২-২৩ অর্থবছরে ৮৪.৮৫ মিলিয়ন মার্কিন ডলার বৈধভাবে দেশে প্রেরণ করা হয়েছে।
তিনি প্রবাসীদের কল্যাণে দূতাবাস সবসময় সচেষ্ট রয়েছে মর্মে মন্তব্য করেন এবং স্পেনে নিরাপদ অভিবাসনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
