ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা 

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৯:৩০

ইংরেজি নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি পর্যন্ত ভোর ৫টা বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

একইসঙ্গে ফানুস ওড়ানো, আতশবাজি ফোটানো, সভা/সমাবেশ না করাসহ বেশকিছু কাজে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বিধিনিষেধ আরোপ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের ভেতরে উন্মুক্ত স্থানে সভা/সমাবেশ করা যাবে না; আগুন দ্বারা পরিচালিত ফানুস উড়ানো ও আতশবাজি ফোটানো যাবে না; এদিন বিকাল ৫টার পরে ক্যাম্পাসে প্রবেশের সকল গেটে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ী প্রবেশ করতে পারবে।ছাত্র-ছাত্রীরা বৈধ আইডি কার্ড প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে, তবে বন্ধু-বান্ধব নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না; সকল হলের নিরাপত্তার স্বার্থে প্রভোস্টগণ এদিন সভা আহ্বান করবেন এবং রাত ১১টা থেকে ১২:৩০ পর্যন্ত প্রাধ্যক্ষ সকল হাউস-টিউটরসহ হলে উপস্থিত থাকবেন।

এর আগে গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের  বিজ্ঞপ্তিতেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।

ইত্তেফাক/এআই