মাঠে নেমেই তামিমের ডাবল সেঞ্চুরি!

আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৫:৩৭

চলতি বিশ্বকাপে ছন্দে নেই তামিম ইকবাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ৬২ রানই এখনো পর্যন্ত সেরা ইনিংস। রান যেটুকুই করেছেন ব্যাট হাতে তামিমকে সেই মারমুখি অবস্থানে দেখা যায়নি। সেখানে ভারতের বিপক্ষে ডাবল সেঞ্চুরি! এটি অবশ্য ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি নয়। বাংলাদেশের হয়ে আজ ২০০তম ম্যাচ খেলছেন তিনি। তামিমের আগে এই মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।  
 
ওয়ানডেতে তামিমের অভিষেক ২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। সে ম্যাচে যাত্রা শুরু করেছিলেন ৫ রানে আউট হয়ে। মাইলফলকের ম্যাচগুলো তিনি সেভাবে রাঙাতে পারেননি। ৫০তম ম্যাচে ১৮, শততম ম্যাচে ৩ রান করেছিলেন। তবে দেড় শতক পূরণের দিন করেছিলেন ৬১ রান। আজ দ্বিশতকে তামিমের ব্যাট কতটা হেসে উঠে সেদিকেই লক্ষ্য থাকবে সমর্থকদের। 

পোর্ট অব স্পেনে ২০০৭ এর বিশ্বকাপে যেই ম্যাচটিতে ভারতকে হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে তামিম ৫৩ বল থেকে ৫১ রানের দারুণ একটা ইনিংস খেলেন। আজ এডবাস্টনে কি সেই তামিমকে দেখা যাবে? সেই প্রশ্নই এখন ভক্তদের। 

তামিম ১৯৯ ম্যাচে ১৯৭ ইনিংস থেকে করেছেন ৬,৮৪১ রান। রয়েছে ১১টি সেঞ্চুরি ও ৪৭টি হাফসেঞ্চুরির জ্বলজ্বলে ইনিংস।  

ইত্তেফাক/কেআই