জীবনমানের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্ববহ: তাসমিমা হোসেন

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৩:০৭

দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা পত্রিকার সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন মানুষের জীবনমানের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্ববহ। এই নির্বাচনে নতুন সরকার গঠিত হবে। এ সরকারে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী হবেন, এটা নিশ্চিত। তার নির্বাচনি প্রতীক নৌকায় পিরোজপুর-২ আসন থেকে এই এলাকার সন্তান আপনাদের দীর্ঘদিনের পরীক্ষিত জনপ্রতিনিধি আনোয়ার হোসেন মঞ্জুকে শেখ হাসিনা ১৪ দলের প্রার্থী করেছেন। আনোয়ার হোসেন মঞ্জু বঙ্গবন্ধু পরিবার ও শেখ হাসিনার এক জন ঘনিষ্ঠজন।

সোমবার (১ জানুয়ারি) বিকালে আনোয়ার হোসেন মঞ্জু তথা শেখ হাসিনার নৌকা মার্কার পক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউনিয়নের ঠাকুরবাড়িতে এক নির্বাচনি প্রচারণাসভায় বক্তব্য প্রদানকালে তাসমিমা হোসেন আরও বলেন, ‘দীর্ঘ ৩৮ বছর ধরে আমরা আপনাদের পাশে রয়েছি। আপনাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে আমি ও আনোয়ার হোসেন মঞ্জু সংসদে এ এলাকা থেকে সদস্য নির্বাচিত হয়েছি। তফাজ্জল হোসেন মানিক মিয়ার সন্তান আনোয়ার হোসেন মঞ্জু যেমন বঙ্গবন্ধুর সময় ছাত্ররাজনীতি করেছেন, আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য হয়ে দেশ পরিচালনায় বিশ্বস্ততা, দক্ষতা, সক্ষমতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। এজন্যই এবারও প্রধানমন্ত্রী তাকে সঙ্গে চান বলে নৌকা মার্কার প্রার্থী করেছেন। এলাকার শান্তি, উন্নয়ন, নারীদের নিরাপত্তা, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত্ নিশ্চিত করার প্রয়োজনে আনোয়ার হোসেন মঞ্জুকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা প্রয়োজন।

অবহেলিত দক্ষিণাঞ্চলকে যোগাযোগ, বিদ্যুত্ উন্নয়ন, শিক্ষা বিস্তার, কৃষি উন্নয়নসহ সব ক্ষেত্রে একটি অগ্রসর জনপদ হিসেবে গড়ে তুলতে তার অবদান সবাই জানেন। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও তার সরকারকে ক্ষমতায় আনতে হবে। তিনি ক্ষমতায় এসে যাতে তার পরিকল্পনাসমূহ বাস্তবায়ন করতে পারেন, এজন্য একটি শক্তিশালী সংসদ এবং কার্যক্ষম সরকার পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে এবার জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে ও সরকারে স্থান দিতে চান বলে পিরোজপুর-২ আসনে এ  এলাকার পরীক্ষিত নেতা আনোয়ার হোসেন মঞ্জুকে নৌকা মার্কায় মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী তার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এলাকার মানুষের ইচ্ছার প্রতি যে সম্মান প্রদান করেছেন, তার প্রতিদান দেওয়া এলাকাবাসীর দায়িত্ব।’ তাই এই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আনোয়ার হোসেন মঞ্জুকে সংসদ সদস্য করার জন্য তাসমিমা হোসেন এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

তাসমিমা হোসেন আরো বলেন, ‘আনোয়ার হোসেন মঞ্জু ৩৮ বছর ধরে এ এলাকার নেতৃত্ব দেওয়ায় যেমন মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, তেমনি সামাজিক শান্তিও বিরাজ করছে। কিন্তু কিছুদিন ধরে আমরা পরিতাপের সঙ্গে লক্ষ করছি, একটি দুর্বৃত্তচক্র মাথা চাড়া দিয়ে উঠে বর্তমান প্রজন্মকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। তারা একদিকে যেমন উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাত্ করে কালো টাকার মালিক হয়েছে, পাশাপাশি যুবকদের মাদকাসক্ত করে তাদের চরিত্র নষ্ট করছে। এরা আবার নির্বাচনের মাঠেও নেমেছে। ভোটের মাধ্যমে এই দুষ্টচক্রকে উচ্ছেদ করতে হবে। ভাণ্ডারিয়ার সম্মান, ঐতিহ্য, মানুষকে মিথ্যা মামলা থেকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আনোয়ার হোসেন মঞ্জুকে বিজয়ী করতে হবে।’ 

প্রশান্ত কুমার মন্ডলের সভাপতিত্বে এই নির্বাচনি সভায় আরো বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খান মো. এনায়েত করিম, ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা পার্টির সভাপতি আসমা আখতার, সাবেক ছাত্রনেতা কাজী ওয়াহিদুজ্জামান  বাচ্চু, ইউনিয়ন জেপির সভাপতি রেজা আহমেদ দুলাল, যুবসংহতির নেতা মামুন হাওলাদার, সিদ্দিকুর রহমান হাওলাদার, নির্মল চন্দ্র চক্রবর্তী, ভগিরথ রায় প্রমুখ।

এ সময় তাসমিমা হোসেনের সঙ্গে ছিলেন জাতীয় মহিলা পার্টির উপজেলা সাংগঠনিক সম্পাদক  সালমা আক্তার, নারীনেত্রী পারভীন আক্তার, অনামিকা চক্রবর্তী, ঝুমুর কাজী, সীমা আক্তার, শিরীণ খান প্রমুখ।

ইত্তেফাক/এআই