ঘন কুয়াশায় ১০ ঘণ্টা পর বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়ার মাঝ পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। ফেরির দিকনির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে মাঝপদ্মায় যাত্রী ও গাড়ি নিয়ে চারটি ফেরি আটকা পড়ে।
সকালে নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়। এরই মধ্যে মাঝনদীতে আটকে থাকা ফেরিগুলো তীরে পৌঁছেছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই তীরে আটকা পড়েছে বেশ কিছু গাড়ি। এসব গাড়ি সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।
পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ‘কুয়াশার তীব্রতা কমে আসায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমান যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।’
