ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের গাড়ি বহর অবরুদ্ধ করে আচমকাই বৈঠা মিছিল করেছে কাজী জাফর উল্যাহর সমর্থকরা। এ সময় নৌকা, নৌকা স্লোগান দিয়ে নিক্সন চৌধুরীকে অবরুদ্ধ করার চেষ্টা করে তারা।
বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরপুর উপজেলার ঢেউখালি থেকে পথসভা শেষে মানিকদহ ইউনিয়নে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৈঠা মিছিলটির নেতৃত্ব দেন জাফর উল্যাহর সমর্থক শিশু খা। এ সময় নৌকা স্লোগান দিয়ে নিক্সন চৌধুরীকে অবরুদ্ধ করার চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় নিক্সন চৌধুরী সদরপুর উপজেলার ঢেউখালি থেকে পথসভা শেষে মানিকদহ ইউনিয়নে যাচ্ছিলেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে নিক্সন চৌধুরী বলেন, কাজী জাফর উল্যাহ সাহেব পরাজয় জেনে আজকে আমার গাড়ির সামনে বৈঠা মিছিল করে। রাম দা ছিল, এটা কি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না? পেয়াজখালির শিশু খার নেতৃত্বে মিছিল হয়। সে স্থানীয় সন্ত্রাসী। এটা আচরণবিধি লঙ্ঘন না? যদি হয় তাহলে এটার ব্যবস্থা নিতে হবে। আমি প্রশাসনকে অবগত করেছি। এতে যদি আইন-শৃখলার অবস্থার অবনতি হয় তাহলে কিন্তু দায় প্রশাসনের। আমরা ধৈর্য্য ধরে আছি, কোনো ষড়যন্ত্র হলে আমরা কিন্তু ঘরে বসে থাকব না। আমরা কিন্তু খেলতে জানি, পরিস্থিতি অন্যদিকে নিয়েন না। নির্বাচন সুষ্ঠুভাবে করতে দেন।
