১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১১:১৫

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে নৌ-দুর্ঘটনা এড়াতে বুধবার রাত সোয়া নয়টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সোয়া আটটার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে আবার ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সোয়া নয়টার দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। এতে নৌ-দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে নদীর দুই পারে বেশ কিছু গাড়ি নদী পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় আটকে রয়েছে। আটকেপড়া এসব গাড়ির যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা প্রচণ্ড শীতের মধ্যে রাতভর দুর্ভোগ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. আব্দুর রহিম বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) ঘন কুয়াশায় ফেরির দিক-নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় যে কোনো দুর্ঘটনা এড়াতে রাত সোয়া নয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।’

বর্তমানে এই নৌপথে ছোট বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে বলে জানান এই কর্মকর্তা।

ইত্তেফাক/কেকে