সিডনি টেস্টে পাকিস্তানের করা ৩১৩ রানের জবাবে বিনা উইকেটে ৬ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে স্বাগতিকদের ভালো শুরু এনে দেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। তবে এই দিন দাপট দেখিয়েছে বেরসিক বৃষ্টি।
দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৪৬ ওভার। বৃষ্টির কারণে ৪৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে দিন শেষ করেছে অজিরা। ১৯৭ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।
দ্বিতীয় দিনের শুরুতে দলকে ভালো শুরু এনে দেন ওয়ার্নার ও খাজা। উদ্বোধনী জুটিতে ৭০ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। এরপর ৬৮ বলে ৩৪ রান করে আউট হন বিদায়ী টেস্ট খেলতে নামা ওয়ার্নার।
এরপর ক্রিজে আসা মার্নাস লেবুশানেকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন খাজা। তবে দলীয় ১০৮ রানে ১৪৩ বলে ৪৭ রান করে সাজঘরে ফিরে যান খাজা।
এরপর লেবুশানে ও স্টিভেন স্মিথ মিলে আর কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেন। স্মিথ ৭ বলে ৬ ও লেবুশানে ৬৬ বলে ২৩ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের পক্ষে আমের জামাল ও আঘা সালমান নেন ১টি করে উইকেট।
