নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাইজভান্ডারী

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৪:৩৯

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম- ২ (ফটিকছড়ি) আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ‘ফুলের মালা’ প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গাউছিয়া রহমান মঞ্জিলের মাইজভান্ডার দরবার শরীফে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। 

 সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, ১৪ দলীয় জোটসমর্থিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপিসহ সর্বমোট ৪২ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছি। সংবিধান রক্ষার এই নির্বাচনে আমিসহ বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ)'র অন্যান্য প্রার্থীগণ ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ, পথসভা চালিয়ে যাচ্ছি। সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচনী আমেজে আমরা আমাদের কার্যক্রম ব্যাপকভাবে চালিয়ে আসছি।

তিনি আরও জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৪ দলীয় জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে ও ফটিকছড়ির সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমি ফটিকছড়িবাসীর সঙ্গে সবসময় সুখে দুঃখে পাশে ছিলাম, আছি ও থাকবো। 

আওয়ামী লীগের শরিক দল হিসেবে তরীকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী ফটিকছড়িতে নির্বাচন করে আসছেন। নজিবুল বশর ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৪ সালে দল বদল করে তিনি বিএনপিতে যোগ দেন। পরবর্তী সময়ে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন। একই বছরের ১২ জুনের নির্বাচনে নজিবুল পরাজিত হন। ২০০১ সালেও বিএনপি থেকে নির্বাচন করে পরাজিত হন তিনি। এরপর বিএনপি ছেড়ে তিনি গঠন করেন তরীকত ফেডারেশন। ২০১৪ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরিক তরীকত ফেডারেশন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সালের নির্বাচনেও জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন। ফটিকছড়ি থেকে মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হন নজিবুল।

ইত্তেফাক/এআই