রাণীশংকৈলে নির্বাচনী জনসভায় জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজউদ্দিন আহম্মেদ বলেছেন, 'এ এলাকার মানুষের স্পন্দন আমি বুঝি, আমি এলাকায় রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন করে যেতে চাই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই এক কাতারে এগিয়ে আসুন, ৭ জানুয়ারি লাঙ্গল মার্কায় ভোট দিন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মডেল সরকারি বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে জাতীয় পার্টির এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক। অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা। এছাড়া উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, রাণীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, রাণীশংকৈল আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা জাপা আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আবু তাহের ঠিকাদার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক প্রশান্ত বসাক প্রমুখ। সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার।
প্রসঙ্গত, এই আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
