দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার সময় শেষ হচ্ছে আজ শুক্রবার সকাল ৮টায়। গতকাল বৃহস্পতিবারই ছিল প্রচারণার শেষ দিন। ফলে রাত পর্যন্ত প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন প্রার্থী, ও তাদের রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা।
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সকাল ৮টায় প্রচার-প্রচারণার সময় শেষ হওয়ার পর কোনো প্রার্থী জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (আরপিও)-এর ৭৮ ধারায় নির্বাচনে প্রচারের সময়সীমা সম্পর্কে বলা হয়েছে, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সময়ের মধ্যে নির্বাচনী এলাকায় কোনো জনসভা আহ্বান করা যাবে না। এমনকি মিছিল, শোভাযাত্রা বা এ ধরনের কর্মসূচি আয়োজন বা অংশগ্রহণ কোনোটিই করা যাবে না।
এবারের নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট এক হাজার ৯৭০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত বুধবার নির্বাচনী মাঠের নিরাপত্তায় নেমেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। এর আগে গত ২৯ ডিসেম্বর মাঠে নামেন পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৮ লাখ সদস্য ও ৯ লাখ ভোট কর্মী এ নির্বাচনে সক্রিয়ভাবে নিয়োজিত আছেন। ৩ হাজার ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। ওই দিন থেকেই আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। এ নির্বাচনে ১৮ দিন প্রচারের সময় পেয়েছেন প্রার্থীরা।
