কাসেম সোলাইমানির সমাধির কাছে হামলার দায় স্বীকার আইএসের 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১১:০৬

ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার চতুর্থ বার্ষিকীতে তার সমাধির কাছে গত বুধবার দুইটি বোমা বিস্ফোরণ হয়েছিল। সেই হামলায় অন্তত ৮৪ জন নিহত হয় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করে। দেশটি এ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছিল।

তবে গতকাল বৃহস্পতিবার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইরানে চালানো এ জোড়া হামলার দায় স্বীকার করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে আইএস এ হামলার দায় স্বীকার করে। গোষ্ঠীটি পরবর্তী সময়ে তাদের নিউজ আউটলেট আমাক-এ দুজন মুখোশধারীর ছবি প্রকাশ করে। তাদের দাবি, তারাই এ হামলা চালিয়েছে। 

আইএস তাদের প্রতিবেদনে বলেছে, প্রথম আত্মঘাতী বোমারু তার বিস্ফোরক বেল্ট ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায় এবং দ্বিতীয়জন ২০ মিনিট পর বিস্ফোরণ ঘটিয়েছে। আইএস ওই দুইজন হামলাকারীর নাম ওমর আল-মুওয়াহিদ এবং সায়ফুল্লাহ আল-মুজাহিদ হিসেবে উল্লেখ করেছে। 

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই ‘সন্ত্রাসী হামলা’র সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটিতে গত ৪২ বছরের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। 

ইত্তেফাক/এসআর