খুলনা-৩

নৌকার নির্বাচনী ক্যাম্পের পাহারাদারের গায়ে দুর্বৃত্তদের আগুন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৫:৪৪

খুলনা-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী এসএম কামাল হোসেনের নির্বাচনী প্রচারণা ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর (৪০) গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হাসান ফারাজী যোগীপোল গ্রামের সোহরাব ফারাজীর ছেলে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাত সোয়া ২টার দিকে নগরীর যোগীপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

হাসান ফারাজী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তিনি ক্যাম্প পাহারা দিতে আসেন। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা জ্যাকেট পরিহিত ও মুখ ঢাকা ৫/৬ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। 

তাদের মধ্যে দুইজন তার হাত ধরে রাখে, একজন তার গায়ে কেরোসিন ঢেলে দেয় এবং আরেকজন অগ্নিসংযোগ করে। এতে তার পরনের পোশাক এবং গলা ও কানের বাম পাশের একাংশ পুড়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আওয়ামী লীগ প্রার্থী এস এম কামাল হোসেন বলেন, বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

নগরীর খানজাহান আলী থানার ওসি মো. মমতাজুল হক বলেন, বৃহস্পতিবার রাত ২টার পর যোগীপোল এলাকায় আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে ২/৩ জন দুর্বৃত্ত কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে হাসান ফারাজীর ঘাড়ের দুই পাশের কিছু অংশ পুড়ে যায়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোজাম্মেল হক বলেন, নাশকতাকারীদের নাম পেয়েছি। যারা ভোট বর্জন করেছে-তারাই এ নাশকতা ঘটিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

ইত্তেফাক/এবি