‘ডামি নির্বাচন’ বর্জনের আহ্বান জানাল ছাত্রদল 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৯:২৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনমূলক ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে তা বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। শুক্রবার (৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় ছাত্র সংগঠনটি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের করের বিপুল পরিমাণ অর্থ অপচয় করে আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে একটি তামাশার আয়োজন করেছে আওয়ামী সরকার। বিদেশি অপশক্তির প্ররোচনায় একদলীয় নির্বাচন আয়োজন করে দেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। তারা বাংলাদেশকে বিদেশি বেনিয়াদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে ৭ জানুয়ারির ডামি নির্বাচন আয়োজনের চক্রান্তে শামিল হয়েছে। 

বিজ্ঞপ্তিতে এবারের নির্বাচনকে ‘প্রহসনমূলক ডামি নির্বাচন’ বলে আখ্যা দেওয়া হয়। একইসঙ্গে নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়। 

ইত্তেফাক/ডিডি