নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা গতকাল শুক্রবার সকাল ৮টায় শেষ হয়েছে। আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ৯ ঘণ্টা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৮ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনের প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে সচেষ্ট ছিলেন।
তবে নির্বাচনের আগে ৪৮ ঘণ্টা প্রচারণা বন্ধ থাকলেও অন্যরকম ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন প্রার্থীরা। কেউ নিজের বাবা-মা কিংবা নিকটতম আত্মীয়স্বজনের কবরে বিশেষ দোয়া এবং নিজ নিজ এলাকার মসজিদে জুম্মার নামাজ আদায় করেছেন। পরে নিজ বাসভবনে পরিবার-পরিজন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ব্যস্ততম সময় কাটাচ্ছেন। আবার অনেকে হাসপাতালে ভর্তি স্বজনদের শয্যাপাশে গেছেন। এদিকে প্রযুক্তির কল্যাণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবসহ নানা মাধ্যমে অনেক প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা সরব ছিলেন।
শুক্রবার কোনাপাড়া কাঠেরপুল এলাকার নিজ বাসভবনেই কাটিয়েছেন ঢাকা-৫ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ মশিউর রহমান মোল্লা সজল। এর আগে মাতুয়াইল কবরস্থানে তার বাবা ঢাকা-৫ আসনে চার বারের এমপি আলহাজ হাবুিবর রহমান মোল্লার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পরে মাতুয়াইল মসজিদে এলাকাবাসীর সঙ্গে জুমার নামাজ আদায় করেন। আর নৌকা প্রতীকের প্রার্থী হারুনর রশীদ মুন্না জুমার নামাজ আদায় করেছেন ভাঙ্গাপ্রেস মসজিদে। পরে নিজ বাসভবনে (মুকবুল ভবন) পরিবার-পরিজনদের সঙ্গে সময় কাটান এবং দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।
ঢাকা-১৪ আসনে বাঁশি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি টোলারবাগ খানকায়ে মাসুরিয়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর বাসায় অনেকটা নীরবেই কাটিয়েছেন। বিকালে দলীয় কার্যালয়ে বসে পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন।
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে নৌকার প্রার্থী আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ। তিনি জুমার নামাজ আদায় করেন কটিয়াদী কলাপট্টি জামে মসজিদে। এ সময় উপস্থিত মুসল্লিদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।
কুমিল্লা-১ আসনে (দাউদকান্দি ও তিতিয়াস) নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর নিজ এলাকার জামে মসজিদে নামাজ আদায় করেন এবং উপস্থিত সব মুসল্লির সঙ্গে কুশল বিনিময় করেন। একইভাবে দেশের প্রতিটি সংসদীয় এলাকায় মসজিদে মসজিদে নামাজ আদায় করেছেন এবং মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেছেন বলে জানা গেছে।
জাতির কাছে সঠিক তথ্য তুলে ধরেন সাংবাদিকরা : বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জাতির কাছে সঠিক তথ্য তুলে ধরেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল রিপোর্টার্স ইউনিটির কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এদিন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের খোঁজখবর নিতে যান তিনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, সবার কাছে ঢাকা মেডিক্যাল একটি আস্থা ও ভরসার জায়গা। প্রতিনিয়ত ঢাকা মেডিক্যালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণির রোগীরা চিকিত্সাসেবা নিতে আসেন। তবে চিকিত্সাসেবা নিতে এসে অনেকে হয়রানির শিকার হন। তারা যেন সঠিক চিকিত্সাসেবা পান সে ক্ষেত্রে সাংবাদিকরা সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি বলেন, ঢাকা মেডিক্যালে সাংবাদিকদের কারণে এখন আর সাধারণ রোগীদের দালালের খপ্পরে পড়ে বাড়তি ঝামেলা পোহাতে হয় না। চিকিত্সকরা এখানে চিকিত্সাসেবা দেন এবং সাংবাদিকরা সঠিক তথ্য জাতির কাছে তুলে ধরেন; এটিও একটি ইবাদত। এর আগে তিনি হাসপাতালের জরুরি বিভাগের বিভিন্ন রোগীর সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাহাউদ্দিন নাছিমের ছেলে ইঞ্জিনিয়ার এ বি এম সিদ্দিকী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল সায়েম, গণযোগাযোগ ও সাংবাদিকতাবিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান ও প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু।
ফেসবুকে সরব প্রার্থী ও কর্মী-সমর্থকরা : এত দিন মাঠেঘাটে বিরামহীন প্রচার শেষে প্রার্থীরা এখন সরব হয়েছেন অনলাইনে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা প্রচার চালাচ্ছেন। তারা ছবি, পোস্টার, ভিডিও, গ্রাফিকসসহ নানা উপায়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।
পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত জন প্রার্থী। তবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. রশীদুজ্জামান ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জি এম মাহবুবুল আলম ও তাদের কর্মী-সমর্থকদের ফেসবুকে প্রচার সবচেয়ে বেশি। এছাড়া জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের শফিকুল ইসলাম মধু ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নোঙর প্রতীকের প্রার্থী নেওয়াজ মোরশেদও সরব আছেন ফেসবুকে। মো. রশীদুজ্জামানের ফেসবুক আইডি থেকে নির্বাচনি প্রচার চালানো হচ্ছে। সেখানে বিভিন্ন এলাকায় তার নির্বাচনি সভার বক্তব্যের ভিডিও পোস্ট করা হয়েছে।
