ঢাবিতে নির্বাচন বর্জনের আহ্বান বাম ছাত্র সংগঠনগুলোর  

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৯:৪৮

আগামীকাল ভোট দিতে না যাওয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি বাম ছাত্র সংগঠন। দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে দেশের সব পর্যায়ের জনগণের প্রতি এ আহ্বান জানায় তারা। 

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে ভোট বর্জনের এই আহ্বান জানায় বাম ছাত্র সংগঠনগুলো। এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। 

মানববন্ধনে বামপন্থী ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), বিপ্লবী ছাত্র মৈত্রী ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের পাশাপাশি ছাত্র ফেডারেশন (গণসংহতি আন্দোলন) ও গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতাকর্মীরা অংশ নেন। ছিলেন কয়েকজন সাধারণ শিক্ষার্থীও।

মানববন্ধনকারীদের সামনে একটি প্রতীকী ব্যালট পেপার ও বাক্স ছিল। ব্যালট পেপারে বিভিন্ন নামে সব প্রার্থীর প্রতীক দেখানো হয়—নৌকা। এ বিষয়ে মানববন্ধনে বলা হয়, আগামীকালের নির্বাচনে বিভিন্ন পরিচয়ে ও মুখোশে সবাই আসলে নৌকারই প্রার্থী।

এসময় ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, ‘এই ডামি নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই। আমরা নীরবে এই নির্বাচন প্রতিরোধ করব। আমরা ভোট দিতে যাবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সব পর্যায়ের জনগণের প্রতি আহ্বান, আগামীকাল আপনারা ভোট দিতে যাবেন না।’

মানববন্ধনের পর রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টিএসসির সড়কদ্বীপ প্রদক্ষিণ করে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। 

ইত্তেফাক/ডিডি