ভোটারদের টাকা দেওয়ার সময় পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং হুইপ সামশুল হক চৌধুরীর কথিত পিএস এম এজাজ চৌধুরীকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার (৬ জানুয়ারি) রাত ৯ টায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন থেকে আটক করে পটিয়া থানায় সোপর্দ করেছে। আটকের তথ্য নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি জসিম উদ্দিন। তবে তার কাছ থেকে কত টাকা উদ্ধার করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিজ এলাকায় স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর পক্ষে ভোট কিনতে গেলে ছদ্মবেশে ওৎ পেতে থাকা ডিবি পুলিশ তাকে আটক করে।
এ ঘটনার বিস্তারিত জানতে পটিয়া থানার ওসি জসিম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
