কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম

আজ ভোট

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০২:২০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ। এখন শুধু ভোটের জন্য অপেক্ষা। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনি সরঞ্জাম। শনিবার সকাল ৯টার পর থেকেই একে একে প্রতিটি কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে তুলে দেওয়া হয় এসব সরঞ্জাম।

চাঁদপুর প্রতিনিধি জানান, দুপুরে চাঁদপুর সদর উপজেলার কেন্দ্রগুলোর ভোট-গ্রহণসামগ্রী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন সদর উপজেলা সহকারী প্রিজাইডিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।

জয়পুরহাট প্রতিনিধি জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দুপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের হাতে ব্যালট পেপার ছাড়া অন্যান্য মালামাল তুলে দেন। জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, ইতিমধ্যে জেলা ট্রেজারি থেকে ব্যালট পেপারসহ অন্যান্য ভোট গ্রহণ উপকরণ উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়েছে।

নড়াইল প্রতিনিধি জানান, দুপুরে জেলার তিনটি উপজেলার ২৫৭ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার বাদে অন্যান্য সামগ্রী বিতরণ শুরু হয়। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ব্যালট-বাক্স, ব্যাগ ও গালাসহ অন্যান্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী।

নাটোর প্রতিনিধি জানান, সকালে প্রিজাইডিং অফিসারের কাছে নির্বাচনি সামগ্রী হস্তান্তর করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিনা সাত্তার।

নেত্রকোনা প্রতিনিধি জানান, জেলার দুর্গম হাওর এলাকা হিসেবে পরিচিত মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী, সদর উপজেলা ছাড়াও কয়েকটি উপজেলার ৬৫টি ভোটকেন্দ্র ব্যালট পেপারসহ ভোট গ্রহণের সব সরঞ্জাম পাঠানো হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক বিপিন চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, শনিবার দুপুর ১টায় মোংলা উপজেলা নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার বাদে প্রায় ৬০ ধরনের মালামাল পাঠানো হয়।

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, প্রিজাইডিং অফিসারদের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সব সরঞ্জাম পাঠানো শুরু করেছে প্রশাসন।

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা জানান, দুপুর ১২টার পর থেকে উপজেলা পরিষদস্থ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের হাতে তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা জানান, বেলা ১২টা থেকে কচুয়া উপজেলার সব কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন।

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা জানান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন নির্বাচনি দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের ব্রিফিং শেষে মালামাল বিতরণ করেন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, সকালে প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আজিম উদ্দিন।

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সকাল থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং অফিসাররা ব্যালট বক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী গ্রহণ করে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, উপজেলা পরিষদের মিলনায়তন থেকে ভোটের এ সরঞ্জাম তুলে দেওয়া হয়। এ সময় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

দেবহাটা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, ব্যালট পেপার বাদে অন্যান্য নির্বাচনি সামগ্রী স্ব স্ব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ, আনসারদের হাতে তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ।

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে। পুরো আসনে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইশতিয়াক ইমন।

ইত্তেফাক/এমএএম