উদ্যোক্তা হওয়ার নেপথ্যে

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২০:২৫

বর্তমান সময়ে তরুণদের প্রথম পছন্দ ও আগ্রহ থাকে চাকরিতে। এ কারণেই চাকরির বাজারে চলছে চরম প্রতিযোগিতা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু  কিছু চক্র  চাকরি দেওয়ার নাম করে হাতিয়ে নিচ্ছে তরুণদের টাকা পয়সা। টাকার বিনিময়ে চাকরি না করে সেই টাকাকে কাজে লাগিয়ে নিজেই উদ্যোক্তা হয়ে যেতে পারেন। আবার অনেকেই আছেন যারা ছোটবেলা থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন মনমগজে লালন করছেন। কিন্তু সফল উদ্যোক্তা হতে চাইলে প্রচুর পরিশ্রম করার মানসিকতা ও সামর্থ্য থাকতে হবে। দরকার কাজের প্রতি নিষ্ঠা ও ভালোবাসা, ঝুঁকি নেয়ার সাহস এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা।
শুধু তাই নয়, সফল উদ্যোক্তা হতে হলে  থাকতে হবে কিছু বৈশিষ্ট্যের, যেগুলো সফল উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অনেকাংশে অপরিহার্য হিসেবে কাজ করে।

ভিন্ন কিছু

এ যুগে সবাই তার নিজ নিজ পরিচিতি বাড়ানোর চেষ্টায় ব্যস্ত। কেউ বিশেষজ্ঞ হচ্ছেন, আবার কেউ বিভিন্ন মাধ্যমে অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। এসবের মধ্যে নিখাদ বা অকৃত্রিম মানুষ হতে পারলে অবশ্যই তা হবে কারো জন্য একটি বিরল গুণ। এ রকম কিছু হতে পারলে আপনি প্রতিযোগিতার দৌড়ে অনেক এগিয়ে থাকবেন। কারণ সবাই  চায় খাটি মানুষের সাথেই কাজ করতে।

জীবনের সঙ্গে জড়িত

উদ্যোক্তা কথাটি যতো সহজ আসলে তা হওয়াটা তত সহজ নয় আবার পাথরের মতো কঠিন ও নয়।  আপনি যদি সফল  উদ্যোক্তা হতে চান তা হলে আপনার আহার-নিদ্রা থেকে শুরু করে সারাক্ষণই ব্যবসা নিয়ে ভাবতে হবে—এমনটা নয়। ব্যাপারটা আসলে সম্পূর্ণ বিপরীত। বড় ব্যবসায়ীরা যথেষ্ট অবসর পান। তাদের জীবনযাত্রায় ভারসাম্য থাকে। শত ব্যস্ততার মধ্যেও নিজের শারীরিক ব্যায়ামের ধারাবাহিকতা রাখার চেষ্টা করেন। পরিবার-পরিজনদের সময় দেন।

কর্মী ও গ্রাহকদের প্রতি আন্তরিকতা

সফল উদ্যোক্তারা শুধু নতুন নতুন বৈশিষ্ট্যের পণ্য তৈরি করে বাজারজাত করার পরিবর্তে নিজ প্রতিষ্ঠানের কর্মী ও ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলেন। তাদের বিভিন্ন প্রয়োজন ও চাওয়া-পাওয়ার বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করেন। সময়মতো সেই কর্মী ও গ্রাহককে বিভিন্ন সাহায্যও করেন। সারা দিনের কাজ নিয়ে ছুটে বেড়ানোর পরিবর্তে কিছু সময় ব্যয় করুন কোনো গ্রাহক বা সহযোগীর জন্য। তার সাথে আলাপ আলোচনা করুন। মনোযোগ দিয়ে তার কথা শুনুন। এটাই হতে পারে পুরো সপ্তাহে আপনার সবচেয়ে মূল্যবান সময়।

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত

ব্যবসায় অনেক সময় খারাপ সময় আসে। তা মোকাবেলা করার জন্য সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। এই সময়ে কোনো ভুল সিদ্ধান্ত নিলে আপনার ব্যবসার মারাত্মক ক্ষতি হতে পারে। যখন দেখবেন আপার সময়টা খারাপ যাচ্ছে। কোনো কিছুই ঠিকঠাক কাজ করছে না। সব এলোমেলো হয়ে যাচ্ছে তখন হতাশ না হয়ে কৌশল পাল্টে অন্য কোনো কৌশল অবলম্বন করুন। দেখবেন সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে চলেছে।