ভোট উৎসব উদযাপন করছে বাংলাদেশ। নির্বাচনের আমেজে ভোটাধিকার প্রয়োগ করার তাগাদা সবার। অনেকে ভোট দেওয়ার প্রস্তুতির বিষয়টি সম্পর্কে অবগত থাকেন না বিধায় অনেক সময় ভোটকেন্দ্রে যান না। ভোট দেওয়া আপনার অধিকার। ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থী নির্বাচিত করুন। সঠিক প্রস্তুতির মাধ্যমে আপনার ভোটটি সুষ্ঠভাবে দিন:
ভোটকেন্দ্র সম্পর্কে ধারণা নিন
আপনি যে এলাকার ভোটার ওই এলাকায় আপনার ভোটকেন্দ্রে কোনটি জেনে নিন। আগের দিনই তা জেনে নেওয়া ভাল। কারণ ভোটের দিন ওই কেন্দ্র আপনার পরিচিত নাও হতে পারে। অনেকে ভোটের দিন ভোটকেন্দ্র খুঁজতে গিয়ে বাড়তি সময় ব্যয় করেন। পড়েন ভোগান্তিতে। তাই আগে থেকেই নিজ ভোটকেন্দ্র সম্পর্কে ধারণা নিন।
প্রার্থী যাচাই
নির্বাচনী প্রচারের সময় প্রার্থী সম্পর্কে ধারণা অনেকেরই হয়। কিন্তু ভোট দেওয়ার আগের দিন পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আপনার ভোট আপনি দেবেন। তবে প্রার্থীদের সম্পর্কে কিছুটা খোঁজখবর এই সময়ে নিন। পত্রিকা, টেলিভিশন এমনকি স্থানীয়দের সঙ্গে আলোচনা করতে পারেন। নতুন ভোটারদের ক্ষেত্রে এ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ।
গুঞ্জনে কান দেবেন না
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সংকটও চলমান। এই সময়ে বিভিন্ন পক্ষ নির্বাচন বানচাল করার লক্ষে গুজব ছড়াচ্ছে। এই তৃতীয় পক্ষ তথ্য-প্রযুক্তির ব্যবহারে নানাভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছে। প্রচারণা বেশি দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব গুজব নগর-মহানগর এমনকি গ্রামেও পৌঁছে যাচ্ছে। গুজবের ফলে জনমনে শঙ্কাও রয়েছে। সচেতন নাগরিক হিসেবে এসব গুজবে বিশ্বাস করবেন না। নির্ভরযোগ্য সূত্র ছাড়া শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে 'আমি নিজে সাক্ষী' ধরনের বক্তব্য বিশ্বাস করা যাবে না। ভোটকেন্দ্রে যাওয়ার আগে সংবাদমাধ্যমে সঠিক তথ্যের ওপর নির্ভর করুন। এমনকি নিজেও আশপাশের অনেকের কাছে খোঁজখবর নিন।
পরিবারের সদস্যদের উৎসাহিত করুন
ভোট একটি জাতীয় উৎসব। পরিবারের সদস্যদের এই উৎসবের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে আগ্রহী হোন। বিশেষত পরিবারের নারী সদস্যদের বোঝান তাদের কেন ভোটকেন্দ্রে যাওয়া উচিত। পরিবারের সবাই একসঙ্গে ভোট দিতে গেলে এক ধরনের উৎসবের আমেজ থাকে।
প্রয়োজনে সহযোগিতা নিন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ, নিরাপদ করার জন্য ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, কোস্টাল গার্ড ও বিজিবি যুক্ত হয়েছে। নিরাপত্তার প্রসঙ্গে তাই সবসময় সাহায্য চাইবেন। ভোটকেন্দ্রেও দায়িত্বশীলদের সাহায্য নিতে কুণ্ঠাবোধ করবেন না।
ব্যালট ভাজের পদ্ধতি জেনে নিন
সঠিকভাবে ব্যালট ভাঁজ করার পদ্ধতি অনেকেই জানেন না। বিশেষত নতুন ভোটাররা তো জানেনই না। ব্যালট ভাঁজের পদ্ধতি জেনে নিন। নাহলে আপনার ভোট বাতিল হতে পারে।
