দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের এক সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করেছেন সহকারী রিটার্নিং অফিসার।
রোববার (৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও মো. আজিজুর রহমান। ভোটগ্রহণের আগেই ওই সরকারি প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া সহকারী প্রিজাইডিং অফিসারের নাম বায়েজিদ উল্লাহ। তার পরিচয়- কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি এম ইউ কামিল মাদ্রাসার শিক্ষক।
সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুর রহমান জানান, দক্ষিণবাগ সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার বায়েজিদ উল্লাহর দায়িত্ব পালনে প্রশ্নবিদ্ধ হলে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
এদিকে, এ আসনের ১০৫ ভোটকেন্দ্রে একযোগে রোববার (৭ জানুয়ারি) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সকাল সোয়া আটটায় এ আসনে স্বতন্ত্রের ট্রাক প্রতীকের প্রার্থী আখতারউজ্জামান কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণসোম সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন।
গাজীপুর সিটির তিনটি ওয়ার্ড ও সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন ও কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা, সাতটি ইউনিয়ন নিয়ে গাজীপুর-৫ নির্বাচনী আসন গঠিত। এখানে ১০৫টি ভোট কেন্দ্রের ৬৯৫টি বুথে ৩ লাখ ৩৩ হাজার ৬১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে মোট ভোটারের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৭২ জন পুরুষ, ১ লাখ ৬৪ হাজার ৫৩৯ জন নারী ও ২ জন হিজরা (তৃতীয় লিঙ্গ) ভোটার রয়েছে। এতে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
