ঢাকা-১ আসনের বিভিন্ন কেন্দ্রে লাঙ্গল প্রতীকের এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সালমা ইসলাম। আজ রোববার সকালে বিভিন্ন কেন্দ্রে ঘুরে এই অভিযোগ করেন তিনি। তবে এই আসনের নৌকার প্রার্থী সালমান এফ রহমান বলছেন, ‘ভোটে পরাজয় জেনেই এমন অভিযোগ করছেন সালমা।’
ঢাকার দোহারের সাইনপুকুর সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে সকালে ভোট দেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লাঙ্গলের প্রার্থী গত নির্বাচনেও এই কাজ করেছেন। আমার তো মনে হচ্ছে এবারও তিনি তাই করবেন। আপনারা দেখবেন ১২টা-একটার দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন তিনি। তিনি জানেন নির্বাচনে জিততে পারবেন না। তাই ভুয়া অভিযোগ করেছেন তিনি।’
নির্বাচনের পরিবেশ ভালো আছে উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, ‘সবাই ভোট দিতে এসেছেন। তারা ভোট দিচ্ছেন।’
গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঢাকা-১ আসনের সাইনপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২০ জন। সকালে ভোটার উপস্থিতি ছিল মোটামুটি। ভোটগ্রহণ শুরুর ১ ঘণ্টা ১০ মিনিটে এই কেন্দ্রে ১৯৫টি ভোট পড়ে। কেন্দ্রটিতে নৌকা, হাতুড়ি ও সোনালি আঁশ প্রতীকের পোলিং এজেন্ট ছিলেন। তবে লাঙ্গলের কোনো এজেন্টকে সকালে দেখা যায়নি।
কেন্দ্রে লাঙ্গলের এজেন্ট না থাকার প্রশ্নে গণমাধ্যমকে সালমা ইসলাম বলেন, ‘গত রাতে অনেক জায়গায় লাঙ্গলের এজেন্টদের মারধর করা হয়েছে। অনেকের বাড়িঘর ভেঙে ফেলেছে। এ জন্য ভয়ে তারা কেন্দ্রে আসতে পারেনি।’
