বাবার বদলে ভোট দিলো ছেলে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৩৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার বদলে ছেলের ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার ঢাকা-১০ আসনের একটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে বিষয়টি উঠে এসেছে। সেখানে প্রতিবেদককে প্রশ্ন করতে শোনা যায়, ‘বাবার পরিবর্তে কি ছেলে ভোট দিতে পারে?’

তখন ওই বাবা গড়িমসি করতে থাকেন এবং দায়সারা উত্তর দিতে থাকেন।

প্রতিবেদক পাল্টা বলতে থাকেন, ‘ইট ইজ নট পসিবল। এটা সম্ভব না। এটা তো হয় না। আপনি একজন এখানকার কর্মকর্তা, এটা তো হয় না। বাবার ভোট ছেলে দিলে ভোট হয়ে যায়?’

তখন বাবা আত্মপক্ষ সমর্থন করে বলতে থাকেন, ‘না, ভোট তো দেয়নি। হাতে কালি দিয়েছে।’

প্রতিবেদক বলে ওঠেন, ‘আমি দেখিনি আপনার ছেলে ভোট দিচ্ছে?’ তখন বাবা পেছন ঘুরে পালানোর চেষ্টা করতে থাকেন। প্রতিবেদক আবারও বলেন, ‘না, না, এটা তো হয় না, ভাই।’

বাবার সঙ্গে তর্কবিতর্কের একপর্যায়ে ছেলেকে প্রতিবেদক জিজ্ঞাসা করেন, ‘তুমি কয়টা ভোট দিয়েছো?’ ছেলে তখন বলে, ‘একটা ভোট দিয়েছি (অস্পষ্ট)।’

প্রতিবেদক বলেন, ‘এখানে একটা ভোট দিয়েছো, ওখানে আরেকটা ভোট দিয়েছো?’

তারপরেও বাবা ও ছেলে দুজনেই দাবি করতে থাকেন যে একটাই ভোট দিয়েছেন তারা।

প্রতিবেদক তখন বলে ওঠেন, ‘ভাই, আমি তো দেখেছি। আমি কি ভুল বলছি? আমার চোখ কি ভুল দেখেছে?’

একপর্যায়ে অন্য এক বৃদ্ধ ‘সাংবাদিক ভাই’ সম্বোধন করে এবং ছেলেটিকে নাতি পরিচয় দিয়ে বলে ওঠেন, ‘সাংবাদিক বইলেই লাফাইতে থাকেন। আমার সঙ্গে ও এসেছে এখানে।’

প্রতিবেদক তখন বলেন, ‘ছেলেটি আপনার নাতি। আপনার ভোটটা সে শখ করে দিতে পারে। ও তো এখানেও (বাবার সঙ্গে) ভোট দিয়েছে।’

এ সময় ওই বৃদ্ধ বিষয়টি অস্বীকার করতে থাকেন।

ইত্তেফাক/এইচএ