বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হয়, নৌকা প্রতীকে মোকতাদির চৌধুরী পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭ ভোট।
আসনটিতে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। মোকতাদির চৌধুরী জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ছিলেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ফিরুজুর রহমান। তিনি কাঁচি প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ০৩৭ ভোট। ৯৪ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোকতাদির চৌধুরী। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোট ভোটার রয়েছে ছয় লাখ ২১ হাজার ৫৮৪ জন। এর মধ্যে সদর উপজেলায় চার লাখ ১৩ হাজার ৯৩২জন এবং বিজয়নগর উপজেলায় দুই লাখ ৭ হাজার ৬৫২ জন।
ইসির তথ্য অনুযায়ী, ১৪০টি কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। গ্রেপ্তার করা হয়েছে ৪২ জনকে। নির্বাচন কমিশন চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে। অন্তত ৯টি আসনে ২১টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
নির্বাচনের অনিয়মসহ নানা অভিযোগে সারা দেশে ভোটের দিনে নির্বাচন বর্জন করেছেন ২৮ প্রার্থী। ২৩ আসনের এসব প্রার্থীর মধ্য স্বতন্ত্রসহ অন্য দলের প্রার্থীরাও আছেন।
