কম্পিউটারের বিভিন্ন ধরনের কাজের জন্য প্রয়োজন সফটওয়্যারের। সাধারণ লেখালেখি থেকে শুরু করে ছবি দেখা, গান শোনা, ছবি সম্পাদনা করা কিংবা প্রয়োজনীয় যে কোনো ধরনের কাজের জন্যই প্রয়োজন সফটওয়্যার। এসকল সফটওয়্যার অনেক সময় খুঁজে পাওয়া যায় না কারো কাছে। তবে ইন্টারনেট সংযোগ থাকলে খুঁজে বের করা যায় যে কোনো সফটওয়্যার। বিনামূল্যে সফটওয়্যার পাওয়া যায় এরকম কিছু ওয়েব সাইটের পরিচিতি তুলে ধরা হলো—
সিনেট
তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট সকলের নিকট অত্যন্ত জনপ্রিয় একটি ওয়েবসাইট হলো সিনেট। এই সাইটে প্রযুক্তি বিশ্বের খবরাখবর, বিভিন্ন প্রযুক্তি পণ্যের রিভিউসহ রয়েছে সফটওয়্যারের একটি বিশাল সংগ্রহ। সিনেট ডাউনলোড অংশে রয়েছে এর সফটওয়্যার সংগ্রহ, যাতে রয়েছে ৪ লাখেরও বেশি সফটওয়্যার। এতে রয়েছে সিকিউরিটি সফটওয়্যার, ব্রাউজার, বিজনেস সফটওয়্যার, কমিউনিকেশন, ডেস্কটপ এনহ্যান্সমেন্ট, ডিজিটাল ফটো সফটওয়্যার, ড্রাইভার, এডুকেশনাল, এন্টারটেইনমেন্ট, গেমস, গ্রাফিক্স ডিজাইন, হোম, ইন্টারনেট, ইউটিলিটি, ভিডিও, অডিও প্রভৃতি ক্যাটাগরি। সেখান থেকে যে কোনো সফটওয়্যার ক্লিক করলেই পাওয়া যাবে সফটওয়্যারটির ডাউনলোড লিংক। সাইটটির ঠিকানা download.cnet.com।
ব্রাদারসফট
সফটওয়্যারের আর একটি ভালো এবং জনপ্রিয় সংগ্রহ হচ্ছে ব্রাদারসফট। ২ লাখেরও বেশি সফটওয়্যার সংগ্রহ রয়েছে ব্রাদারসফটে। ফ্রি সফটওয়্যারগুলো এখান থেকে ডাউনলোড করা যায় বিনামূল্যেই। এখানেও রয়েছে উইন্ডোজ এবং ম্যাক—উভয় প্লাটফর্মের সফটওয়্যার সংগ্রহ। আর প্রতিটি সফটওয়্যার সম্পর্কেই বিস্তারিত আলোচনা রয়েছে। সিকিউরিটি সফটওয়্যার থেকে শুরু করে অডিও-ভিডিও, ছবি সম্পাদনা, ভিডিও সম্পাদনা, ডেস্কটপ ইউটিলিটি, ইন্টারনেট—সব ধরনের সফটওয়্যার রয়েছে এতে। সাইটের ঠিকানা www.brothersoft.com।
সফটপিডিয়া
উইন্ডোজ, ম্যাক, লিনাক্সসহ মোবাইলের জন্যও নানান ধরনের সফটওয়্যার আর অ্যাপ্লিকেশনের আরেকটি বড় ধরনের সংগ্রহ সফটপিডিয়া। এখানে অবশ্য প্রযুক্তি বিশ্বের নিত্যনতুন খবরাখবরও মিলে থাকে। অ্যালেক্সা ট্রাফিক র্যাংকিং-এ এর স্থান রয়েছে উপরের দিকেই। এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের মোট সফটওয়্যার অ্যাপ্লিকেশনের সংখ্যা ৮ লাখেরও বেশি। এর সফটওয়্যার ব্রাউজ ট্যাবের মধ্যে রয়েছে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, ড্রাইভার, গেমস, স্ক্রিপ্ট, মোবাইল ইত্যাদি। যে কোনো ট্যাব থেকেই সংশ্লিষ্ট সফটওয়্যারের তালিকা পাওয়া যায় সহজেই। সফটপিডিয়ারের ঠিকানা : www.softpedia.com।
সফটনিক
১৯৯৭ সালে চালু হওয়া সফটনিক মূলতই স্পেনের বার্সোলোনাভিত্তিক সফটওয়্যার ডাউনলোড পোর্টাল। স্পেনের সবচেয়ে বেশি ভিজিট করা ডাউনলোড পোর্টাল হচ্ছে সফটনিক। সফটওয়্যার ক্যাটাগরি হিসেবে এখানে রয়েছে ইন্টারনেট, ইউটিলিটিস, ডিজাইন অ্যান্ড ফটোগ্রাফি, কাস্টমাইজ ইওর পিসি, অডিও, ভিডিও, সিকিউরিটি, সায়েন্স অ্যান্ড এডুকেশন, ডেভেলপমেন্ট ইত্যাদি। সফটনিকেও রয়েছে প্রতিটি সফটওয়্যারের রিভিউ, সফটনিক রেটিং, ইউজার রেটিং এবং সফটওয়্যার ব্যবহারকারীদের রিভিউ। পছন্দের এবং প্রয়োজনের সফটওয়্যার ডাউনলোড করতে আপনি ভিজিট করতে পারেন en.softonic.com।
সফট৩২
বিভিন্ন সফটওয়্যারের সংগ্রহ, সফটওয়্যারের বর্ণনা ও রিভিউসহ প্রয়োজনীয় আরেকটি ওয়েবসাইট হচ্ছে সফট৩২। এতে রয়েছে সবচেয়ে জনপ্রিয় উইন্ডোজ সফটওয়্যারের তালিকা যাতে আলাদা আলাদা করে ফ্রিওয়্যার এবং শেয়ার ওয়্যার-এর তালিকা রয়েছে। এর ডাউনলোড ক্যাটাগরির মধ্যে রয়েছে অডিও, ডেস্কটপ ম্যানেজমেন্ট, ড্রাইভার, গ্রাফিক্স, ইন্টারনেট, সিকিউরিটি, ভিডিও, বিজনেস, ডেভেলপার টুলস, গেমস, হোম অ্যান্ড এডুকেশন, নেটওয়ার্ক টুলস, সিস্টেম ইউটিলিটিস, ওয়েব অথরিং প্রভৃতি। প্রতিটি ক্যাটাগরিতেই রয়েছে প্রয়োজনীয় সাব ক্যাটাগরি। সফট৩২-এর ঠিকানা www.soft32.com।
ম্যাক-এর জন্য সফটওয়্যার
ম্যাক ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ক্রস প্লাটফর্ম ডাউনলোড পোর্টালের পাশাপাশি রয়েছে আলাদা আলাদা ওয়েবসাইট। এর মধ্যে অবশ্য অ্যাপল নিজেই ম্যাক-এর নানান অ্যাপ্লিকেশন নিয়ে চালু করেছে ‘ম্যাক অ্যাপ স্টোর’। সেখানে রয়েছে হাজারো অ্যাপ্লিকেশনের সমারোহ। এছাড়াও ম্যাকের জন্য ওয়েবসাইটের মধ্যে রয়েছে bestmacsoftware.org, www.pure-mac.com প্রভৃতি। আর ম্যাক অ্যাপস্টোরের ঠিকানা: www.apple.com/mac/app-store।
