ভবন নির্মাণে অনিয়ম ঠেকাতে রাজউকের পরিদর্শন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৯:০৪

রাজধানীর গ্রিন মডেল টাউনে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন সঠিক নিয়মে নির্মাণ করা হচ্ছে কি না তা পরিদর্শন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের বিশেষ দল।

মঙ্গলবার রাজউক এর অধীন জোন-৬/১ এর মুগদা এলাকা পরিদর্শন করা হয়। মান্ডায় অবস্থিত গ্রিন মডেল টাউনের মালিকানাধীন কয়েকটি বহুতল ভবন পরিদর্শন করে রাজউক। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ আব্দুল আহাদ এই পরিদর্শন দলের নেতৃত্ব দেন।

এ ছাড়াও রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ পরিচালনা মোহাম্মদ সামসুল হক এবং প্রকৌশলী মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন। পরিদর্শক দল রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবন দুটির চারপাশে মেপে যাচাই করে। পরিবর্তনযোগ্য কয়েকটি বিষয় তাৎক্ষণিক ঠিক করার নির্দেশনা দেয়া হয় এবং অনুমোদিত নকশা অনুযায়ী ভবনের বাকি কাজ শেষ করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। 

মুগদা রাজউকের এই পরিদর্শন দল মুন্ডা গ্রিন মডেল টাউনে নির্মাণাধীন বিভিন্ন ভবন পরিদর্শন করে ভবন মালিক ও সংশ্লিষ্ট স্থপতিকে নানা বিষয়ে সতর্ক করেন।

পাশাপাশি ভবন নির্মাণে শ্রমিকদের নিরাপত্তা, রাতে কাজ বন্ধ রাখা, এডিস মশার বংশবৃদ্ধি যেন না হয় সেই জন্য নির্মাণাধীন ভবনের চারপাশ পরিষ্কার রাখার বিষয়ে কঠোরভাবে নির্দেশনা দেন।  

আব্দুল মালেক নামে এক ভবনের মালিক বলেন, 'আমাদের অবস্থান থেকে রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী সব নির্দেশনা মেনে কাজ করছি। আশা করি রাজউক যে নির্দেশনা প্রদান করেছে, সেই অনুযায়ী আগামীতে ভবনটির বাকি কাজ সম্পন্ন করতে কোনো ব্যত্যয় ঘটবে না'।

পরিদর্শন শেষে রাজউক উন্নয়ন নিয়ন্ত্রণ বিভাগের সদস্য মোহাম্মদ আব্দুল আহাদ, এনডিসি বলেন, ‘অনুমোদিত নকশা ব্যতীত যেন ভবন নির্মাণ না করা হয় সেই বিষয়ে সতর্ক করছি। কয়েকদিন পর পর নিয়মিত পরিদর্শন করছি, কোথাও কোনো ব্যত্যয় দেখলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এটি চলমান প্রক্রিয়া'।

এই বিশেষ পরিদর্শন দলে রাজউক অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, নগর পরিকল্পনাবিদ জান্নাতুল মাওয়া, প্রধান ইমারত পরিদর্শক ইমরান হোসেন ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মো. ফিরোজ আলম, সুমন আহমেদ, মো. সাইফুল ইসলাম, মো. ইমরান শেখ, মো. জিয়াউদ্দিন, মো. কামরুজ্জামান, বিশ্বজিৎ সিংহসহ রাজউকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/এসসি