বিএনপি-জামায়াতকে মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে: তথ্যমন্ত্রী

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৪:২৯

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াতকে মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এ সময় নতুন সরকারের চ্যালেঞ্জ অগ্নিসন্ত্রাসের মূলোৎপাটন ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

বুধবার (১০ জানুয়ারি) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাদের সঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘আর যারা ভোট বর্জনের কথা বলেছিল ও অগ্নিসন্ত্রাস চালিয়ে ভোট বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিলো, সেই বিএনপি-জামায়াতকে মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, উৎসাহের সঙ্গে ভোট দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করেছে।’

দেশের ইতিহাসে একটি ভালো সুন্দর নির্বাচন হয়েছে উল্লেখ করে ড. হাছান বলেন, ‘নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। আমাদের সরকার নতুন যাত্রা শুরু করবে। সরকার গঠনের পর আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে দেশ থেকে অগ্নিসন্ত্রাসকে সমূলে উৎপাটন করা ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।’

সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন যে, গত ৭ জানুয়ারি দেশে অত্যন্ত অবাধ, নিরপেক্ষ ও সন্ত্রাসমুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল। কোনো কোনো নির্বাচনী এলাকায় ৭০ শতাংশের ওপরে মানুষ ভোট দিয়েছে। তিনদিন ছুটি পাওয়ায় অনেকেই শহর থেকে গ্রামে চলে গেছিল সে কারণে কিছু বড় শহরে ভোটের হার কিছুটা কম হয়েছে। কিন্তু এরপরও আমাদের ভোট প্রদানের হার ৪২ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘এটিও উৎসাহব্যঞ্জক যে, মার্কিন পর্যবেক্ষক থেকে শুরু করে ইইউভুক্ত দেশগুলো, অন্যান্য দেশ ও বিভিন্ন জোটভুক্ত দেশের পর্যবেক্ষক যারা এসেছিল, তারা সবাই এ নির্বাচনকে অত্যন্ত সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও নির্বাচনের সময় নানা গণ্ডগোলের মাত্রা অন্যবারের চেয়ে অনেক কম হয়েছে মর্মে অভিমত ব্যক্ত করেছে। ইইউ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তারা তাদের বিবৃতিতে প্রকৃতপক্ষে বাংলাদেশের সঙ্গে অর্থাৎ সরকারের সঙ্গে কাজ করার কথা বলেছে। জাপান থেকে শুরু করে প্রায় ৩১টিরও বেশি দেশের রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ও অভিনন্দন জানিয়েছেন। ভারত, চীন, রাশিয়া অভিনন্দন জানিয়েছে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।’

ইত্তেফাক/এইচএ