মেছো বিড়ালের জন্য ৯৯৯ নম্বরে ফোন

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৭:০০

উদ্ধারের ২৪ ঘণ্টা পরেও বয়স বিবেচনা করে ছয় মেছো বিড়ালকে অবমুক্ত করতে পারেনি দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন। তাদের অবমুক্ত বা সংরক্ষিত এলাকায় ছেড়ে দিতে হলে কমপক্ষে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে প্রশাসনকে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স। 

জানা যায়, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল গ্রামে রাজন মিয়ার গোয়ালঘর থেকে ৯ জানুয়ারি ছয়টি মেছো বিড়াল উদ্ধার করা হয়। বিড়ালগুলো উদ্ধারের পর রাজন মিয়া বন বিভাগের লোকজনের সঙ্গে যোগাযোগ করেন; কিন্তু কোনো সাড়া মিলেনি। পরে শিক্ষক রাজন মিয়া ৯৯৯ নম্বরে কল করেন।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বিষয়টি জানার পর বন বিভাগের লোকজন নিয়ে রাজন মিয়ার বাড়িতে গিয়ে বিড়ালগুলো দেখে আসেন। পরে বাড়ির মালিক রাজন মিয়াকে বিড়ালগুলো নিরাপদে কয়েক দিন নিজ বাড়িতে রাখার পরামর্শ দেন।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, মেছো বিড়ালের বাচ্চাগুলোর বয়স কম। এ বয়সে বাচ্চাগুলো অবমুক্ত বা সংরক্ষিত এলাকায় ছেড়ে দিলে বাচ্চাগুলো মারা যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। এক সপ্তাহ পর বিড়ালগুলো অবমুক্ত করা হলে তাদের জন্য নিরাপদ হবে। তাই বয়সের বিষয়টি বিবেচনা করে মেছো বিড়ালগুলো অবমুক্ত করা হয়নি।

ইত্তেফাক/এমএএম