আধুনিক বাংলা কবিতার অগ্রদূত কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজরিত কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। এক সময় যশোর, সাতক্ষীরা আর খুলনার ২০টিরও বেশি উপজেলার মানুষের জীবন-জীবিকা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল এটি। কিন্তু কালের বিবর্তনে নদটি অনাব্য হয়ে পড়ার পাশাপাশি দখল, দূষণ ও ভরাটের কবলে পড়েছে। ফলে নদের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং ব্যাপকভাবে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। প্রভাবশালী ব্যক্তি ও ভূমিদস্যু নদটি দখল করে বিভিন্ন স্থাপনা, ফসল চাষ, মাছের ঘের কিংবা বসতবাড়ি তৈরি করছে। কেউবা আবার এটাকে ঘিরে রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের উত্সবে মেতে উঠেছে। তাছাড়া স্থানীয় মানুষের নদবিধ্বংসী কর্মকাণ্ড ও অসচেতনতার ফলে প্রকৃতি-পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে এবং তৈরি হচ্ছে জলবদ্ধতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার জেলে সম্প্রদায় এবং নদনির্ভর সাধারণ মানুষ। নদটির প্রশস্ততা এবং গভীরতা হ্রাসের ফলে বর্ষা মৌসুমে আশেপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয় প্রতিবছরই। যার ফলে স্থানীয়দের দুর্ভোগের শেষ থাকে না। সর্বোপরি নদটির হারানো যৌবন ফিরিয়ে আনতে এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নে পুনরায় খননকার্য এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আশিকুর রহমান
শার্শা, যশোর
