ঢাকা উদ্যানে ছিনতাইকারীদের রাজত্ব!

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২১:৩৮

মোহাম্মদপুর থানাধীন নবদয় এলাকার ঢাকা উদ্যান এবং এর আশেপাশে সম্প্রতি ছিনতাইকারীর উপদ্রব বেড়েছে। চিহ্নিত পাঁচ-ছয় জনের একটি গ্রুপ খ্রিকোয়ার্টার প্যান্ট পরে নবদয়ের লোহার গেট থেকে ঢাকা উদ্যান পর্যন্ত ঘোরাফেরা করে। এদের দলে কালো চেহারার এক বয়স্ক নারীও আছে। নতুন কোনো লোক দেখলেই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে গিয়ে নিজ থেকে আলাপ করার নামে নিরিবিলি জায়গায় ডেকে নিয়ে সর্বস্ব ছিনিয়ে নিয়ে কেটে পড়ে। বিশেষ করে তাদের টার্গেট থাকে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং নতুন অপরিচিত লোক। দামি মোবাইল ফোন ছিনতাই করাই তাদের প্রধান টার্গেট। গত এক মাসে পাঁচ-ছয়টি মোবাইল ফোন ও ওয়ালেট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কয়েকজন শিক্ষার্থী মোহাম্মদপুর থানায় অভিযোগও করেছে। চিহ্নিত ঐসব ছিনতাইকারীর আড্ডার স্থান হচ্ছে নবদয় হাউজিংয়ের ডি ব্লকের ৩ নম্বর সড়ক এবং নবদয় বাজার সংলগ্ন মসজিদের পাশের গলি। যেখানে কোনো সড়ক বাতি নেই—সন্ধ্যার পর ঐ সড়কগুলো অন্ধকার থাকে। ঐসব ছিনতাইকারীদের আশেপাশের বাসাবাড়ির দারোয়ানরা চেনে কিন্ু্ত কেউ ভয়ে ছিনতাই করতে দেখেও এগিয়ে আসে না। এদিকে পয়লা বৈশাখ এবং সরকারি দলের বিভিন্ন প্রোগ্রামের সময় এরা আশেপাশের ফ্ল্যাট থেকে চাঁদা তুলে আবাসিক এলাকার রাস্তা বন্ধ করে সাউন্ড বক্স লাগিয়ে গান বাজিয়ে আনন্দ করে। পরিশেষে, ঢাকা উদ্যান এলাকায় ছিনতাইয়ের ঘটনা বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সিমু হাছান রাজু

ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা