এই নিয়ে চলতি বিশ্বকাপে তৃতীয়বারের মতো কাছে গিয়ে ডুবল ওয়েস্ট ইন্ডিজের তরি। তিনটি ম্যাচে রান তাড়া করতে গিয়ে কারো এক জনের বীরোচিত ব্যাটিংয়ে কাছে চলে গেল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ পর্যন্ত পরাজয়ই সঙ্গী হলো। এবার ক্যারিবিয়ানদের সেই ট্র্যাজিক হিরো হলেন নিকোলাস পুরান।
৩৩৯ রানের লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছিল ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে তারা যখন ২৮২ রান তুলে ফেলল, তখন মনে হয়েছিল, সহজেই লক্ষ্যে পৌঁছে যাবে। দারুণ ব্যাট করছিলেন পুরান ও ফ্যাবেন অ্যালেন। কিন্তু দুজনের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন অ্যালেন। এর পরও পুরান একা ঠান্ডা মাথায় টেনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু অ্যাঞ্জোলো ম্যাথুসের বলে উইকেটের পেছনে এই তরুণ ক্যাচ দিয়ে এলে কার্যত শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের লড়াই।
ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার বলছিলেন, তাঁরা বিশ্বকাপে এই ধরনের কাছাকাছি গিয়ে হারতে হারতে ক্লান্ত হয়ে গেছেন। হোল্ডার বলছিলেন, ফিল্ডিংয়ে কিছু বেশি রান দিয়ে দেওয়ার পরেও তারা খেলাতেই ছিলেন, ‘এটা মনে হচ্ছে আমাদের বিশ্বকাপের চিত্র হয়ে দাঁড়িয়েছে। আমরা বেশ কিছু ম্যাচ খুব কাছাকাছি গেলাম। কিন্তু শেষ পর্যন্ত লাইনটা অতিক্রম করতে পারছি না। এমন একটা বড়ো মঞ্চে বারবার এরকম কাছে গিয়ে হারাটা অবশ্যই হতাশাজনক। আমরা পেছন ফিরে তাকিয়ে পরাজয়ের জন্য বেশ কিছু কারণ বের করতে পারি। আমরা ভালো ফিল্ডিং করতে পারিনি। সম্ভবত ৩০-৪০ রান বেশি দিয়ে ফেলেছিলাম। তার পরও যখন আমরা ব্যাট করছিলাম, আমার মনে হয়েছে, পুরোটা সময় আমরা খেলায় ছিলাম। কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সময়ে এসে অনেকগুলো উইকেট হারিয়ে ফেললাম।’
এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিপদে ফেলেছে একগাদা রান আউট। ভুল-বোঝাবুঝিতে ফিরে এসেছেন কার্লোস ব্রাথওয়েট, ফ্যাবেন অ্যালেন ও শিমরন হেটমেয়ার। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও রান আউট হয়ে ফিরেছিলেন হেটমেয়ার। হোল্ডার বলছিলেন, দলের এই গুরুত্বপূর্ণ সময়ে এমন সব রান আউট তাদের জন্য হতাশার ব্যাপার, ‘রান আউট এমন একটা ব্যাপার, যেটা মাঠের বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায় না। আমরা বাইরে থেকে অনেক মেসেজ পাঠাই, শান্ত থাকতে বলি। সব সময়ই বলি, অহেতুক রান নিতে গিয়ে ফিরে আসার দরকার নেই। এটা দুর্ভাগ্যজনক। তবে আমি মনে করি না, খেলার এই স্তরে এসে এটা ঘটা উচিত না। আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে বেশ কিছু লড়াই করতে পেরেছি। আমি বেশ কিছু খেলোয়াড়ের ব্যাপারে গর্বিত।’
এই গর্বের তালিকায় আপাতত নিশ্চয়ই পুরানও থাকবেন। সেই যুবদল থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের ভবিষ্যত্ বলে বিবেচিত পুরানকে নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত হোল্ডার। তিনি বলছিলেন, ‘ও (পুরান) এদিন যেটা করেছে, আমরা ওর কাছ থেকে এরকম কিছুই আশা করি। আমরা আশা করি, ও আরো ভালো করবে এবং উন্নতি করবে। আমরা ওকে এসব কারণেই দলে নিয়েছি। সে যেভাবে চায়, আমরা সেভাবে খেলার জন্য ওকে সমর্থন দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সে একজন তরুণ হিসেবে ভুল করবে। তবে বড়ো কথা হলো ও উন্নতি করছে।’
