মার্সিডিজ বেঞ্জ ও টয়োটা হ্যারিয়ার গাড়ির এমব্লেম (লোগো) খুলে চুরি করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ। তারা হলো তামজিদ হোসেন শুভ ও মো. সিয়াম।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন পিপিএম (বার) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে রাখা একটি হ্যারিয়ার গাড়ির সামনের এমব্লেম চুরির চেষ্টা করে তামজিদ ও সিয়াম। এ সময় ড্রাইভার ৯৯৯-এ ফোন দিলে তাদেরকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে তামজিদ হোসেন শুভ ও মো. সিয়াম জানায়, তারা সাধারণত মার্সিডিজ বেঞ্জ ও টয়োটা হ্যারিয়ার গাড়ির লোগো বা বনেটের ওপরে থাকা মাসকট, লুকিং গ্লাস বা অন্যান্য দামি অংশবিশেষ চুরি করে। পরে তা স্বল্পদামে ধোলাইখালে বিক্রি করে দেয়। যে ব্যক্তির গাড়ি থেকে এসব অংশ চুরি হয়, তিনি আবার তা ধোলাইখাল থেকে সংগ্রহ করেন। তখন উচ্চমূল্যে কিনতে হয়।
পেশাদার চোর শুভ ও সিয়ামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
