সার্ভিয়ান টেনিস তারকা খেলোয়াড় নোভক জোকোভিচ ও অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের ব্যাটিং অলরাউন্ডার স্টিভ স্মিথ, দুই জনেই দুই জনের খেলায় সেরা হিসেবেই রয়েছেন। তবে এখন যদি এই দুই জনকে একে অপরের পেশার সঙ্গে পরিবর্তন করা হয় তাহলে ক্যামন হবে?
ভাবছেন, না ভাবা লাগবে না। কেননা চলমান অস্ট্রেলিয়া ওপেনের মঞ্চে স্মিথকে টেনিস এবং জোকোভিচকে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে। আর এই ঘটনার সাক্ষী হয়েছে মেলবোর্নের ভরা গ্যালারির দর্শকরা। আর মুহূর্তেই টেনিস র্যাকেট হাতে অজি তারকা ক্রিকেটার স্মিথ আর ক্রিকেট ব্যাট হাতে সার্বিয়ান টেনিস তারকা জোকোভিচের লড়াইয়ের দৃশ্য নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
গেল ৭ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়া ওপেনের কোয়ালিফায়ার রাউন্ডের খেলা শুরু হয়েছে। মূল পর্বের খেলা শুরু হবে আগামী রবিবার থেকে যা চলবে ২৮ জানুয়ারি অবদি। আর মূলপর্বের খেলা শুরুর আগে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ আয়োজন করে বিশেষ চ্যারিটি ইভেন্টের। রড লেভার এরিনায় অনুষ্ঠিত সেই ইভেন্টে নোভাক জোকোভিচ বিভিন্ন খেলার তারকাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। সেই ইভেন্টে অংশ নেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ। তিনি নোভাকের বিরুদ্ধে টেনিস র্যাকেট হাতে নেন।
এই আয়োজনের শুরুতে টেনিস র্যাকেট হাতে জোকোভিচের প্রতিপক্ষ হিসেবে কোর্টে প্রবেশ করেন স্মিথ। এ সময় জোকোভিচের সাভির্সে স্মিথ খুব সাবলীলভাবে রিটার্ন করে, যা দেখে অবাক হয়ে যায় সার্ভিয়ান টেনিস তারকা। হাত থেকে র্যাকেট ফেলে দিয়ে হা হয়ে তাকিয়ে থাকেন অজি অলরাউন্ডারের দিকে। এ সময় গ্যালারি ভরা দর্শরাও হাত তালি দিতে থাকেন একপর্যায়ে জোকোভিচ স্মিথের দিকে নিচু হয়ে কুর্নিশ করেন ঐ স্কিল প্রদর্শনের জন্য।
অবশ্য এরপরই ক্রিকেট ব্যাট হাতে কোর্টে নেমে পড়েন জোকোভিচ। তাকে বল করেন স্মিথ। যদিও নিতান্ত সহজ ডেলিভারিতেও বলে ব্যাট ছোঁয়াতে ব্যর্থ হন জকোভিচ। তবে পরবর্তী বলেই উড়িয়ে ছক্কা হাঁকান কিন্তু ক্রিকেট ব্যাট দিয়ে নয়, বল করার আগ মুহূর্তে ব্যাট ফেলে র্যাকেট তুলে নিয়ে এই শট করেন জোকোভিচ। তবে শুধু স্মিথ নয়, আরো ভিন্ন খেলার তারকারা এসেছিলেন।
