ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় প্রতারণার মামলায় মো. মাহবুব শরীফ (৪২) নামে এক পরিবার পরিকল্পনা পরিদর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে মাহবুব শরীফকে আটকের পর কারাগারে প্রেরণ করা হয়।
মাহবুব শরীফ একই এলাকার নাজির হোসেনের ছেলে। তিনি সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, গেলবছরের ২০ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর আদালতে শামিমা হক নামে স্বাস্থ্য বিভাগের এক পরিদর্শক মাহবুব শরীফের বিরুদ্ধে ২০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে প্রতারণার মামলা করেন।
মামলার বাদী শামিমা হক দাবি করেন, তিনি ও মাহবুব একসঙ্গে সদর উপজেলার স্বাস্থ্য বিভাগে ইউনিয়নে পরিদর্শক হিসেবে চাকরি করেন, যার প্রেক্ষিতে তাদের ভালো সম্পর্ক হয়। মাহবুব শরীফ আগে থেকে গরুর ব্যবসা করতেন। একপর্যায়ে শামিমাকেও ব্যবসায় অংশীদার হতে বলেন এবং শামিমার কাছ থেকে চেকের মাধ্যমে ২০ লক্ষ টাকা নেন। কিন্তু এরপর থেকেই তিনি ব্যবসার লভ্যাংশ বা কোনো টাকা ফেরত না দিয়ে কালক্ষেপণ করতে শুরু করেন। শামিমা টাকা উদ্ধার না করতে পেরে আইনের দ্বারস্থ হন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, মাহবুব শরীফের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
