পাচারের সময় অকটেন জব্দ, আটক ৬

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১২:৩৯

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের দরিয়া নগর এলাকায় পাচারকালে ৬৯ ড্রাম ভর্তি দুই হাজার ৯০০ লিটার অকটেন জব্দ করা হয়েছে। একই সময় সমুদ্র চ্যানেল দিয়ে অকটেন পাচারকারী-সহযোগীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫’র সদস্যরা।

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে অকটেন জব্দ ও পাচারে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

অকটেন ও পিকআপ জব্দ করে র‌্যাব। ছবি: ইত্তেফাক

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ের সোনারপাড়ার মৃত আবদুস সালামের ছেলে মো. আয়াছ ওরফে রিয়াজ (২২), উত্তর সোনারপাড়ার আবদুল্লাহর ছেলে মো. জসিম উদ্দিন (২০), একই এলাকার মৃত হাজী আব্দুল মোতালেবের ছেলে মো. আলী আকবর (৩৮), পশ্চিম সোনারপাড়ার আহম্মদ কবিরের ছেলে মো. সোহেল (১৯), মো. হাসেমের ছেলে মো. এহাছান উল্লাহ ওরফে রহমত উল্লাহ (২৩) এবং রামুর খুনিয়াপালং হিমছড়ির আবদুল করিমের ছেলে মো. দেলোয়ার (২৪)।

গ্রেপ্তার হওয়া ৬ আসামি। ছবি: ইত্তেফাক

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম শাখা) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, ‌‘শুক্রবার রাতে র‌্যাবের একটি দল কক্সবাজার সদরের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিয়া নগর ব্রিজের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। বিশেষ অভিযানের সময় টেকনাফ অভিমুখী দুটি নীল রংয়ের পিকআপে থাকা কয়েকজন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে দ্রুত পালানোর চেষ্টা করে। সেখান থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তবে পিকআপ চালকসহ দুজন দ্রুত পালিয়ে যাওয়ায় তাদেরকে ধরা সম্ভব হয়নি।’

পাচারের পিকআপে ৬৯ ড্রামে করে তোলা হয় ২৯০০ লিটার অকটেন। পরে র‌্যাবের অভিযানে পিকআপ ও অকটেনভর্তি ড্রাম জব্দ করা হয়। ছবি: ইত্তেফাক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া এসব পাচারকারী জানান, পিকআপটিতে ড্রাম ভর্তি অকটেন রাখা হয়। যা উখিয়া থানার একটি পেট্রোল পাম্প থেকে সংগ্রহ করে অবৈধভাবে পাশের দেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

ইত্তেফাক/এইচএ